ফিফার একাধিক বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিশ্বকাপ ফাইনাল বয়কট করেছেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ উপলক্ষে মেক্সিকো সিটি সফর করলেও ফিফার সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ডে অসন্তুষ্ট সেফেরিন গত রোববার রাতে ফাইনাল ম্যাচের ভেন্যু নিউ জার্সিতে যাননি।

উয়েফা সভাপতির এই বয়কটের পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি পাওয়াকে অন্যতম কারণ হিসেবে মনে করছেন অনেকে। লাল কার্ড দেখার পর বালোগানের নিষেধাজ্ঞা ফিফা স্থগিত করলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল উয়েফা।

সে সময় ফিফার সিদ্ধান্তের সমালোচনা করে উয়েফার বিবৃতিতে বলা হয়, ‘এ ধরনের সিদ্ধান্ত অভূতপূর্ব, বোধগম্যতাহীন ও অযৌক্তিক।’ বিবৃতিতে উয়েফা আরও জানায়, ‘আইনের রক্ষক নিজেই যখন নিয়ম না মানে, তখন খেলাধুলার নিরপেক্ষতা নষ্ট হয় এবং প্রতিযোগিতার বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।’

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বেশ কিছু নতুন উদ্যোগের কড়া সমালোচক সেফেরিন। বিশেষ করে হাফ টাইম শো আয়োজনের ধারণার ঘোর বিরোধিতা করেন তিনি। সেফেরিন স্পষ্ট জানিয়েছেন, চ্যাম্পিয়নস লিগ কিংবা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে এ ধরনের আয়োজনের কোনো পরিকল্পনা নেই। এবারের বিশ্বকাপ ফাইনালে ম্যাডোনা, বিটিএস, শাকিরা ও জাস্টিন বিবারের পরিবেশনার কারণে স্বাভাবিক ১৫ মিনিটের বিরতি বেড়ে দাঁড়ায় ২৭ মিনিট ২২ সেকেন্ড।

এছাড়া ফিফার আরও কয়েকটি নীতিগত সিদ্ধান্ত নিয়ে উয়েফার সঙ্গে স্পষ্ট মতপার্থক্য তৈরি হয়েছে। ফিফা সভাপতি ভবিষ্যতে ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের যে আভাস দিয়েছেন, তার কড়া বিরোধিতা করছে উয়েফা। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ায় বিশ্বকাপে দায়িত্ব পালন করতে না পারা সোমালিয়ার রেফারি ওমর আরতানকে সম্মান জানিয়ে আগামী ১২ আগস্ট পিএসজি ও অ্যাস্টন ভিলার মধ্যকার উয়েফা সুপার কাপ পরিচালনার দায়িত্ব দিয়েছে উয়েফা।

বিশ্বকাপের টিকিটের উচ্চমূল্য নিয়েও ফিফার সমালোচনা করেছে উয়েফা। সংস্থাটির দাবি, ২০২৮ সালের ইউরোতে টিকিটের দাম নিয়ন্ত্রণে রাখা হবে। তাদের ভাষায়, যুক্তরাষ্ট্রের স্টেডিয়ামে একটি গাড়ি পার্কিংয়ের যে খরচ, সেই অর্থে ইউরোর পাঁচটি ম্যাচের টিকিট কেনা সম্ভব হবে।

ভিএআর ব্যবহারের নীতি এবং নতুন নিয়ম নিয়েও দুই সংস্থার অবস্থান ভিন্ন। বিশ্বকাপে ‘মিসটেকেন আইডেন্টিটি’ প্রোটোকল ব্যবহার করে ডাইভিংয়ের অভিযোগে সুইজারল্যান্ডের স্ট্রাইকার ব্রিল এমবোলোকে লাল কার্ড দেখানো হয়। তবে উয়েফা তাদের ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিদের স্পষ্ট নির্দেশ দিয়েছে যে, তাদের প্রতিযোগিতায় ডাইভিংয়ের ক্ষেত্রে এই প্রোটোকল ব্যবহার করা যাবে না। একইভাবে, ফিফার উদ্যোগে বিশ্বকাপে চালু হওয়া ‘মুখ ঢেকে কথা বললে সরাসরি লাল কার্ড’ নিয়মটিও মানবে না ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।