সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক বছর মেয়াদি ওমরাহ ভিসা চালু করতে যাচ্ছে। এই নতুন নিয়মে ভিসাধারীরা এক বছরের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশের সুযোগ পাবেন এবং মোট সর্বোচ্চ ৯০ দিন সেখানে অবস্থান করতে পারবেন।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, নতুন এই ভিসা প্রদানের তারিখ থেকে ৩৬৫ দিন পর্যন্ত বৈধ থাকবে। নির্ধারিত নিয়ন্ত্রক শর্তাবলি পূরণ সাপেক্ষে এই সময়ের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করা যাবে। সৌদি ভিশন-২০৩০ এবং ‘পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম’-এর লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো সৌদি আরবে আগমন প্রক্রিয়া সহজ করা, ওমরাহ পালনকারীদের অভিজ্ঞতা উন্নত করা এবং সেবার মান বৃদ্ধি করা।
নতুন নিয়ম অনুযায়ী, এক বছর মেয়াদি ওমরাহ ভিসাধারীদের প্রতিবার সফরের জন্য ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমোদিত সেবাদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে একটি সেবা প্যাকেজ কিনতে হবে। তবে সেবা প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট বৈধ মেয়াদের চেয়ে বেশি হতে পারবে না। এছাড়া সৌদি আরবে পৌঁছানোর আগে দর্শনার্থীদের নুসুক অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওমরাহর পারমিট বা অনুমতি নিতে হবে।
সফরের প্রক্রিয়া সম্পর্কে জানানো হয়েছে, "প্রতিবার সৌদি আরব ছাড়ার পর ভিসাটি নিষ্ক্রিয় (ডিঅ্যাক্টিভেট) হয়ে যাবে এবং পরবর্তী সফরের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করা হলে তা আবার সক্রিয় (রিঅ্যাক্টিভেট) করা হবে।"
তবে হজ মৌসুমে এই ভিসা কার্যকর থাকবে না। ১ জিলকদ থেকে ১৩ জিলহজ পর্যন্ত সময়কালে এই ভিসা সক্রিয় করা হবে না।
মন্ত্রণালয়ের মতে, নতুন এই ভিসা ওমরাহ সফরের পরিকল্পনায় আরও বেশি সুবিধা দেবে এবং ওমরাহ আদায় আরও সহজ করবে। ডিজিটাল ও কার্যকরী সেবার সমন্বয়ে ওমরাহ পালনকারীদের পুরো যাত্রাপথের অভিজ্ঞতা আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।