বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য পূর্ণশক্তির দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। চোট কাটিয়ে ১৩ সদস্যের দলে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও নাথান লায়ন।
দলে আগে থেকেই আছেন মিচেল স্টার্ক। ফলে এক বছরের বেশি সময় পর কামিন্স, স্টার্ক, হ্যাজলউড ও লায়নকে নিয়ে অস্ট্রেলিয়ার বিখ্যাত চার সদস্যের বোলিং আক্রমণকে একসঙ্গে দেখা যেতে পারে।
চোটের কারণে গত অ্যাশেজে চার বোলারের সবাইকে একসঙ্গে পায়নি অস্ট্রেলিয়া। কামিন্স, হ্যাজলউড ও লায়ন মিলে খেলেছিলেন মাত্র তিনটি টেস্ট। হ্যামস্ট্রিং ও অ্যাকিলিসের সমস্যায় পুরো সিরিজেই অনুপস্থিত ছিলেন হ্যাজলউড। পিঠের চোটে কামিন্স এবং হ্যামস্ট্রিং অস্ত্রোপচারের কারণে দীর্ঘ সময় বাইরে ছিলেন লায়ন।
তবে বাংলাদেশের বিপক্ষে চার বোলারই একসঙ্গে খেলবেন কি না, সেটি এখনই নিশ্চিত করেননি অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি। ম্যাচের অনেক সময় বাকি থাকায় এখনই একাদশ চূড়ান্ত করতে চান না তারা।
হ্যাজলউডের অনুপস্থিতিতে অ্যাশেজে ২০ উইকেট নেওয়া স্কট বোল্যান্ডও দলে আছেন। ফলে অস্ট্রেলিয়ার পেস আক্রমণে জায়গা পাওয়ার লড়াই হবে তীব্র। তবে অ্যাশেজে ভালো করেও ১৩ সদস্যের দলে জায়গা পাননি মাইকেল নিসার।
উসমান খাজার অবসরের পর এটিই অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট দল। অ্যাশেজে পাঁচ ম্যাচে ২২ দশমিক ৩৩ গড়ে রান করলেও দলে জায়গা ধরে রেখেছেন উদ্বোধনী ব্যাটসম্যান জেক ওয়েদারল্ড। ব্যাটিং বিভাগে আছেন ট্রাভিস হেড, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন ও ক্যামেরন গ্রিন। উইকেটরক্ষক হিসেবে রাখা হয়েছে অ্যালেক্স ক্যারি ও জশ ইংলিসকে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত সিরিজটির প্রথম ম্যাচ আগামী ১৩ থেকে ১৭ আগস্ট ডারউইনের মারারা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় টেস্ট ২২ থেকে ২৬ আগস্ট ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়। ২০০৩ সালের পর এটিই অস্ট্রেলিয়ায় বাংলাদেশের প্রথম টেস্ট সফর।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বর্তমানে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের অবস্থান চতুর্থ।
অস্ট্রেলিয়ার টেস্ট দল
প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, জেক ওয়েদারল্ড ও বিউ ওয়েবস্টার।