চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার বারঘোরিয়া-বাদুড়তলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন বাদুড়তলা এলাকার মোহাম্মদ ভিখুরের স্ত্রী হাসিনা বেগম, তাঁর ভাতিজি আশা খাতুন এবং আশা খাতুনের শিশুকন্যা মিম।

ঘটনা প্রসঙ্গে বারঘোরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ বলেন, "সকালে বাড়িতে একটি লোহার মই বৃষ্টিতে ভিজে বিদ্যুতায়িত হয়ে ছিল। ওই মই দিয়ে ওঠার সময় আশা খাতুন ও তাঁর মেয়ে মিম বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাঁদের বাঁচাতে এগিয়ে গেলে হাসিনা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।"

খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করে। সদর থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) খুরশিদা বেগম মুক্তকণ্ঠকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।