দালাল চক্রের প্রলোভনে পড়ে অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা করতে গিয়ে হাঙ্গেরিতে প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি যুবক। গতকাল সোমবার পুলিশ তাঁর পরিবারকে এই মৃত্যুর সংবাদটি জানায়।
নিহত যুবকের নাম ফরিদুর রহমান (৩২)। তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের পূর্ব বারাহীগুনী গ্রামের মফিজুর রহমানের ছেলে। তাঁর পাঁচ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। গত ১৬ জুন ইতালিতে যাওয়ার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছিলেন ফরিদুর।
ফরিদুরের ভাই কাজী মোহাম্মদ বাবুল জানান, ফরিদুর আগে সৌদি আরবপ্রবাসী ছিলেন এবং এক বছর আগে দেশে ফেরেন। পরবর্তীতে একটি দালাল চক্রের প্রলোভনে পড়ে ১৮ লাখ টাকার বিনিময়ে ইতালিতে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। সেই পরিকল্পনা অনুযায়ী ১৬ জুন তাঁকে প্রথমে সংযুক্ত আরব আমিরাতে নেওয়া হয়। সেখান থেকে নর্থ মেসিডোনিয়া ও সার্বিয়া হয়ে সড়কপথে হাঙ্গেরিতে পৌঁছান তিনি। সেখানে জঙ্গলের মধ্যে থাকার সময় অসুস্থ হয়ে পড়লে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ফরিদুরের অন্য ভাই কাজী নজরুল ইসলাম জানান, গত ২৪ জুন তাঁর সঙ্গে ফরিদুর ফোনে কথা বলেছিলেন, এরপর আর যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে দুলাল নামের এক দালালের বাড়িতে গিয়ে খোঁজ নিলে তিনি জানান যে, ফরিদুর হাসপাতালে ভর্তি আছেন এবং তাঁর সঙ্গে ফোনে কথা বলা যাবে না। এরপর কয়েকবার চেষ্টা করেও দুলালকে আর বাড়িতে পাওয়া যায়নি। অবশেষে গতকাল দাগনভূঞা থানা-পুলিশ এসে তাঁর মৃত্যুর খবর দেয়, তবে মৃত্যুর সঠিক সময় পুলিশ জানাতে পারেনি।
এ বিষয়ে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, "পুলিশ সদর দপ্তর থেকে ফরিদুরের ঠিকানা যাচাই করতে বলা হয়েছিল। নির্দেশনা অনুযায়ী তাঁর বাড়িতে গিয়ে পরিচয় নিশ্চিত করে পরিবারকে মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে। ফরিদুর রহমানের লাশ বর্তমানে হাঙ্গেরিতে রয়েছে।"
দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীদুল ইসলাম বলেন, “হাঙ্গেরিতে দাগনভূঞার এক যুবক মারা যাওয়ার বিষয়টি জেনেছি। প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগিতা প্রয়োজন হলে পরিবারটিকে সার্বিক সহযোগিতা করা হবে।”