বগুড়ার শাজাহানপুরে এক ব্যক্তিকে জোর করে তুলে নেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে রঞ্জু মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ঘাষিড়া গ্রামের জরজিসের ইটভাটা-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত রঞ্জু মিয়ার (৫০) ছেলে মো. জুবায়ের ও শ্যালক খোরশেদ আলম গুরুতর আহত হয়েছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে ইটভাটার ভেতরের একটি মাদকসংক্রান্ত বিষয় নিয়ে রঞ্জু মিয়ার শ্যালক খোরশেদ আলমের সঙ্গে কয়েকজন ব্যক্তির বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে তাকে জোর করে তুলে নেওয়ার চেষ্টা করা হলে রঞ্জু মিয়া ও তার ছেলে জুবায়ের সেখানে গিয়ে বাধা দেওয়ার চেষ্টা করেন।

এ সময় কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় রঞ্জু মিয়া গুরুতর আঘাত পান এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আহত জুবায়ের ও খোরশেদ আলমকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন জুবায়ের বলেন, চিৎকার শুনে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখতে পান ৮ থেকে ৯ জন লোক তার বাবাকে মারধর করছে এবং তুলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। বাধা দিতে গেলে তাকেও বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে হামলাকারীরা তার বাবাকে সরাসরি ছুরিকাঘাত করে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।