ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওদেসা বন্দরের কৃষ্ণসাগর উপকূলে একটি পণ্যবাহী জাহাজে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় চার ভারতীয় নাগরিকসহ মোট ১০ জন প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক ভারতীয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইউক্রেনীয় নৌবাহিনীর সোমবার (২০ জুলাই) বিষয়টি নিশ্চিত নিশ্চিত করেছে।

সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় ভুট্টা বোঝাই ‘এমভি গোল্ডেন লিও’ নামের গিনি-বিসাউয়ের পতাকাবাহী জাহাজটি ওদেসা বন্দর থেকে রওনা করার পর তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে চূর্ণবিচূর্ণ হয়। মুহূর্তের মধ্যে জাহাজটিতে ভয়াবহ আগুন ধরে যায়। এতে জাহাজে অবস্থানরত ১৭ জন ক্রুর মধ্যে ১০ জনের মৃত্যু ঘটে, যাদের মধ্যে চারজন ভারতীয় নাবিক ছিলেন। নিহতদের পাশাপাশি এক মেরিটাইম পাইলট এবং আরও ৯ জন ক্রু সদস্য রয়েছেন।

উদ্ধারকারীরা আশঙ্কাজনক অবস্থায় এক ভারতীয়সহ মোট আটজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন। ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাস পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে দাঁড়িয়ে সব ধরনের সহযোগিতা নিশ্চিত করছে।

এই প্রাণঘাতী হামলাকে ‘মর্মান্তিক’ আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে জানানো হয়, বেসামরিক বাণিজ্যিক জাহাজে আঘাত হানা এবং আন্তর্জাতিক নৌ-বাণিজ্যের নিরাপত্তা বিঘ্নিত করা কোনোভাবে সমর্থনযোগ্য নয়। এমন আগ্রাসন পুরোপুরি পরিহার করা উচিত।

ইউক্রেনের স্থানীয় প্রশাসন ও কর্মকর্তাদের দাবি, সম্প্রতি কৃষ্ণসাগর অঞ্চলে শুরু হওয়া নতুন উত্তেজনার মাঝে এটি সবচেয়ে ভয়াবহ ও মর্মান্তিক হামলা। ওদেসার আঞ্চলিক গভর্নরের তথ্যমতে, চলতি জুলাই মাসে রুশ বাহিনীর একের পর এক হামলায় এই অঞ্চলে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে।