নওগাঁ সদর উপজেলার শৈলগাছী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক দুই চেয়ারম্যান—মরহুম শমসের চেয়ারম্যান এবং মরহুম বেলাল চেয়ারম্যানের স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৪টায় সদর উপজেলার রামরায়পুর দিঘীরপাড় উচ্চবিদ্যালয় মাঠে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় সৈয়দপুর মিহির স্পোর্টিং ক্লাব ও চাঁপাইনবাবগঞ্জ জেলা দল। মাঠের লড়াইয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে সৈয়দপুর মিহির স্পোর্টিং ক্লাবকে ৪-১ গোল ব্যবধানে পরাজিত করে চাঁপাইনবাবগঞ্জ জেলা দল।
শৈলগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আযম রানা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও সাবেক জাতীয় ফুটবলার এনামুল হক, নওগাঁ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল হক বেলাল, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল এবং বিশিষ্ট ব্যবসায়ী ওমর ফারুকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, তরুণ সমাজকে মাদকমুক্ত রাখা, সুস্থ বিনোদন প্রদান এবং তৃণমূল পর্যায় থেকে উদীয়মান ফুটবলার তৈরির লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
এ প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে মোট আটটি দল অংশগ্রহণ করছে।