বিশ্বকাপ জয়ের আনন্দ নিয়ে দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। সোমবার স্থানীয় সময় দুপুর ২টা ২৫ মিনিটের দিকে বিশ্বচ্যাম্পিয়নদের বহনকারী উড়োজাহাজটি মাদ্রিদের আদোলফো সুয়ারেজ মাদ্রিদ-বারাখাস বিমানবন্দরে অবতরণ করে।

বিমান থেকে সবার আগে বিশ্বকাপ ট্রফি হাতে বেরিয়ে আসেন অধিনায়ক রদ্রি। পরে কোচ লুইস দে লা ফুয়েন্তে, খেলোয়াড় ও কর্মকর্তারা ট্রফি নিয়ে দলীয় ছবি তোলেন। বিমানবন্দরের টার্মিনাল ৪ এলাকায় কয়েক শ সমর্থক পতাকা ও জার্সি নিয়ে অপেক্ষা করছিলেন বিশ্বচ্যাম্পিয়নদের স্বাগত জানাতে।

নিউ জার্সির নিউয়ার্ক বিমানবন্দর থেকে আইবেরিয়ার একটি বিশেষ উড়োজাহাজে মাদ্রিদের উদ্দেশে যাত্রা করেছিল স্পেন দল। নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর উড়োজাহাজটি মাদ্রিদে পৌঁছায়। বিমানবন্দর থেকে খেলোয়াড়রা হোটেলে গেছেন। সেখানেই কিছু সময় বিশ্রাম নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন তারা।

এরপর শুরু হবে বিশ্বচ্যাম্পিয়নদের ব্যস্ত উদ্‌যাপনসূচি। স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় জারজুয়েলা প্রাসাদে স্পেনের রাজপরিবারের পক্ষ থেকে দলটিকে সংবর্ধনা দেওয়া হবে। পরে লা মনক্লোয়ায় প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে দেখা করবেন খেলোয়াড় ও কোচরা।

সরকারি সংবর্ধনা শেষে খোলা ছাদের বাসে মাদ্রিদের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করবে স্পেন দল। শোভাযাত্রার শেষ গন্তব্য সিবেলেস স্কয়ার। সেখানে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা থেকে সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। রাত নয়টার দিকে খেলোয়াড়দের মূল মঞ্চে পৌঁছানোর কথা।

মাদ্রিদের পথে বিশ্বচ্যাম্পিয়নদের বরণ করতে প্রায় ১০ লাখ মানুষ জড়ো হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। শোভাযাত্রা ও উদ্‌যাপন ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা।

রোববার নিউ জার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারায় স্পেন। ম্যাচের ১০৬তম মিনিটে একমাত্র গোলটি করেন বদলি হিসেবে নামা ফেরান তোরেস। ২০১০ সালের পর এটি স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা।