বিশ্বকাপ ফুটবলে স্পেনের দ্বিতীয় শিরোপা জয়ের পর দেশটিকে অভিনন্দন জানিয়েছে ইরান। সোমবার তেহরান থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, স্পেনের এই জয় বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী স্বাধীনতাকামী মানুষকে আনন্দিত করেছে।
সাম্প্রতিক সময়ে গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক অভিযানের কঠোর নিন্দা এবং ইরানের বিরুদ্ধে সংঘাতের সমালোচনা করায় স্পেন সরকার ও তাদের জাতীয় ফুটবল দল সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমর্থন লাভ করেছে। গত কয়েক মাস ধরে দেশটি যুক্তরাষ্ট্রের ইরান-বিরোধী হামলার বিপক্ষে অবস্থান নিয়েছিল।
অন্যদিকে, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই প্রকাশ্যে ইসরায়েলের নীতিগুলোকে সমর্থন করায় অনেক ইসরায়েলি রাজনীতিবিদ ও সমর্থক আর্জেন্টিনার পক্ষে অবস্থান নিয়েছিলেন। রোববার নিউইয়র্ক–নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ১–০ গোলে পরাজিত করে বিশ্বকাপ জয় করে স্পেন।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে দেওয়া এক সাক্ষাৎকারে সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, ‘ফিলিস্তিনিদের পক্ষে খেলোয়াড়দের অবস্থান এবং ইরানের প্রতি স্পেনের সমর্থন প্রমাণ করে যে স্বাধীনতা ও আত্মমর্যাদা সেই (স্পেন) বুদ্ধিমান ও সম্মানীয় জাতির অন্যতম বৈশিষ্ট্য।’
তিনি আরও উল্লেখ করেন, ‘এই জয় কেবল স্পেনের জনগণের হৃদয়কেই স্পর্শ করেনি, বরং বিশ্বের বহু স্বাধীন, সার্বভৌম ও ন্যায়বিচারকামী মানুষের হৃদয়কেও আনন্দিত করেছে।’
এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পেনকে সমর্থনের কথা জানিয়ে বলেন, ‘সাম্প্রতিক মাসগুলোতে আগ্রাসন, গণহত্যা ও নিপীড়নের বিরুদ্ধে স্পেনের সার্বিক অবস্থান এবং তাদের জাতীয় ফুটবল দলের আচরণ অত্যন্ত প্রশংসনীয় ও মূল্যবান ছিল।’