রাজধানীতে আগামী ২৩ থেকে ২৫ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ এবং ‘থাই গুরমে গালা’ ভলিউম-৩। প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকার গ্র্যান্ড বলরুম ও ক্যাফে বাজার রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে দর্শনার্থীরা থাইল্যান্ডের পণ্য, সংস্কৃতি ও রন্ধনশৈলীর সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।
সোমবার (২০ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রয়্যাল থাই দূতাবাসের কমার্শিয়াল অ্যাফেয়ার্স অফিসের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাওয়া ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’-এর এটি ২১তম আসর। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলাটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
সংবাদ সম্মেলনে ঢাকায় থাইল্যান্ড দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর (কমার্শিয়াল) অনুসর্ন কৌতিপভিত্তায়া বলেন, এই মেলার মাধ্যমে দুদেশের সম্পর্ক, ব্যবসা ও পারস্পরিক (পিপল টু পিপল) যোগাযোগ বাড়বে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় থাইল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। আমাদের এই মেলার উদ্দেশ্য শুধু থাই পণ্যকে তুলে ধরা নয়, বরং দুদেশের বাণিজ্যকে টেকসই ও সম্প্রসারিত করা।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এবারের আসরে ৫৭টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। থাইল্যান্ডের শীর্ষ কোম্পানির পাশাপাশি তাদের বাংলাদেশি আমদানিকারক ও এজেন্টরাও এতে অংশ নেবেন। মেলায় খাদ্য ও পানীয়, হাসপাতাল ও স্বাস্থ্যসেবা, ওয়েলনেস, ফ্যাশন, বিউটি ও কসমেটিকস, নির্মাণসামগ্রী, কেমিক্যাল ও লুব্রিকেন্ট, স্টেশনারি এবং শিশু পরিচর্যাসহ বিভিন্ন খাতের পণ্য প্রদর্শিত হবে।
মেলার অন্যতম আকর্ষণ ‘বিজনেস ম্যাচমেকিং সেশন’, যেখানে থাই কোম্পানিগুলো বাংলাদেশি আমদানিকারক, পরিবেশক, ব্যবসায়ী ও সম্ভাব্য অংশীদারদের সঙ্গে সরাসরি বৈঠক করবে। আয়োজকদের আশা, এর মাধ্যমে দুই দেশের মধ্যে নতুন বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠবে এবং বিদ্যমান সহযোগিতা আরও জোরদার হবে।
মেলায় ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি থাই ঐতিহ্যবাহী নৃত্য, মুয়ে থাই (থাই বক্সিং) প্রদর্শনী, ফ্যাশন শো ও র্যাফেল ড্রসহ বিভিন্ন সাংস্কৃতিক ও বিনোদনমূলক আয়োজন থাকবে। আগামী ২৩ জুলাই দুপুর ১টায় গ্র্যান্ড বলরুমে মেলার উদ্বোধনী অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের উপস্থিত থাকার কথা রয়েছে।
একই সময়ে বাংলাদেশে রয়্যাল থাই দূতাবাসের কমার্শিয়াল উইংয়ের সহযোগিতায় হোটেলের ক্যাফে বাজার রেস্টুরেন্টে অনুষ্ঠিত হবে থাই গুরমে গালা ভলিউম-৩। সেখানে দর্শনার্থীরা খাঁটি থাই খাবারের স্বাদ নেওয়ার পাশাপাশি থাই সংস্কৃতির নানা দিক উপভোগ করতে পারবেন।
এবারের ফুড ফেস্টিভ্যালে অংশ নিচ্ছেন থাইল্যান্ডের চিয়াং মাই থেকে আগত খ্যাতনামা সেলিব্রিটি শেফ ব্রুংতানা নিমনু। বিশ্বের বিভিন্ন দেশে থাই রন্ধনশৈলী তুলে ধরার পাশাপাশি ভারতের শিল্পপতি মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে থাই খাবারের বিশেষ কুলিনারি অভিজ্ঞতা পরিচালনার মাধ্যমে তিনি আন্তর্জাতিকভাবে পরিচিতি পান।
উৎসবে অতিথিদের জন্য থাই বুফে লাঞ্চ, ব্রাঞ্চ ও ডিনারে থাকবে নানা ধরনের ঐতিহ্যবাহী খাবার। নির্বাচিত ব্যাংক কার্ডে ‘ডাইন ৪, পে ১’ (চারজনের মূল্যে একজন) পর্যন্ত বিশেষ অফারের পাশাপাশি থাকবে লাইভ থাই লোকনৃত্য, র্যাফেল ড্র, বুফে ব্রাঞ্চের সঙ্গে সুইমিং পুল ব্যবহারের সুযোগ এবং শিশুদের জন্য ‘মেক ইয়োর ওন পিজ্জা’ কার্যক্রম।
আয়োজন সফল করতে সহযোগিতার জন্য বাংলাদেশে রয়্যাল থাই দূতাবাস, থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিটিপর্ন চিরাসাওয়াদি, মিনিস্টার কাউন্সেলর (কমার্শিয়াল) অনুসর্ন কৌতিপভিত্তায়া, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, থাই এয়ারওয়েজ এবং কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডকে ধন্যবাদ জানিয়েছে প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা।
আয়োজকদের মতে, বাণিজ্য, সংস্কৃতি ও রন্ধনশৈলীর সমন্বয়ে এবারের আয়োজন বাংলাদেশ ও থাইল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।