এক মাস আগে বাজারে গিয়ে ভালো মানের ১ কেজি কাঁচা মরিচ কেনা যেত ১০০ থেকে ১২০ টাকায়। সেই কাঁচা মরিচের দাম এখন ২০০ টাকা ছাড়িয়েছে। রাজধানীর কোনো কোনো বাজারে ১ কেজি কাঁচা মরিচ ২৮০ টাকা দামেও বিক্রি হচ্ছে।
আজ মঙ্গলবার রাজধানীর কৃষি মার্কেট ও টাউন হল বাজারে খোঁজ নিয়ে কাঁচা মরিচের দামের এমন চিত্র দেখা গেছে। পাশাপাশি উত্তরার আশকোনা হজক্যাম্প বাজারেও কাঁচা মরিচের দাম বেশি।
কাঁচা মরিচের দাম বেড়েছে মূলত টানা বৃষ্টির কারণে। সপ্তাহ দেড়েক আগে দেশে টানা বৃষ্টি ও বন্যার কারণে সবজির সরবরাহ কমেছিল। তখন অন্যান্য সবজির সঙ্গে কাঁচা মরিচের দামও এক দফা বাড়ে। অন্যদিকে বৃষ্টি-বন্যায় দেশের বিভিন্ন এলাকায় সবজি খেতে পানি জমেছে। এতে অনেক সবজি নষ্ট হয়েছে। ফলে সবজি পণ্যের সরবরাহ সেভাবে আর বাড়েনি। এর মধ্যে দেশজুড়ে আবারও টানা পাঁচ দিনের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বিক্রেতারা জানিয়েছেন, বাজারে প্রায় সব ধরনের সবজির দামই কমবেশি বেড়েছে। এর মধ্যে কাঁচা মরিচের দাম দ্বিগুণ বা তারও বেশি বেড়েছে। তবে বাজারভেদে মরিচের দাম ভিন্ন ভিন্ন হয়। যেমন মোহাম্মদপুর কৃষি মার্কেটে আজ প্রতি কেজি কাঁচা মরিচ ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হয়েছে। টাউন হল বাজারে মরিচ বিক্রি হয়েছে ২৫০ থেকে ২৮০ টাকায়। কারওয়ান বাজারে দাম একটু কম, তা–ও ভালো মানের কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকায়। আর সাধারণ মানের মরিচ হলে দাম ১৬০ টাকার আশপাশে দাম রাখছেন বিক্রেতারা।
গতকাল রাতে রাজধানীর আশকোনা হজক্যাম্প এলাকার কাঁচাবাজারে সবজি কিনতে যান জাকির হোসেন। তিনি আজ ২৫০ গ্রাম কাঁচা মরিচ কিনেছেন ৬০ টাকায়। অর্থাৎ কেজি ২৪০ টাকা। জাকির হোসেন মুক্তকণ্ঠকে বলেন, বৃষ্টির কারণে প্রতিদিনই যেন কাঁচা মরিচের দাম বাড়ছে। এক সপ্তাহ আগে ৪০ টাকায় ২৫০ গ্রাম মরিচ কিনলাম, আজ লেগেছে ৬০ টাকা।
এদিকে পেঁয়াজের দামও কেজিতে ৫ টাকা বেড়েছে। আজ ধরনভেদে প্রতি কেজি পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হয়েছে। এক সপ্তাহ আগে পেঁয়াজের দাম ছিল ৩৫ থেকে ৪০ টাকা।
মোহাম্মদপুর টাউন হল বাজারের সবজি বিক্রেতা আল-নাহিয়ান মুক্তকণ্ঠকে বলেন, বৃষ্টির কারণে পাইকারি বাজারে কাঁচা মরিচ কম আসছে, কিন্তু মরিচের ক্রেতা অনেক। এ কারণে দাম বাড়তি। শুধু মরিচই নয়, প্রায় সব সবজির দামই বেড়েছে। ১০০ টাকার নিচে হাতে গোনা তিন-চার ধরনের সবজি পাওয়া যায় এখন।