রাঙামাটির কাপ্তাই হ্রদে নিখোঁজ হওয়ার দুই দিন পর সোমবার দুপুরে বিএনপি নেতা মো. মাসুদের (৫০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বেলা একটার দিকে কাপ্তাই উপজেলার গর্জনটিলা এলাকায় তাঁর লাশ ভেসে উঠতে দেখা যায়। স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও নৌবাহিনীর একটি যৌথ দল অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত মো. মাসুদ কাপ্তাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি এবং পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। স্বজনদের সূত্রে জানা গেছে, তিনি প্রতি সপ্তাহে নিজস্ব ইঞ্জিনচালিত নৌকায় চাল, ডাল ও সবজির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে বিলাইছড়ি বাজারে বিক্রি করতে যেতেন। গত শনিবার পণ্য বিক্রি করে ফেরার পথে তিনি কাপ্তাই হ্রদে নিখোঁজ হন। ওই দিন বিকেলেই গর্জনটিলা এলাকা থেকে পুলিশ তাঁর নৌকাটি উদ্ধার করেছিল।

কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. আবদুল লতিফ মুক্তকণ্ঠকে বলেন, "স্থানীয় লোকজন আজ দুপুরে গর্জনটিলা এলাকায় তাঁর মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁর লাশ উদ্ধার করেন।"

কাপ্তাই ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহাদাত হোসেন মুক্তকণ্ঠকে জানান, "বিএনপি নেতার মরদেহ ভাসমান অবস্থা দেখতে পেয়ে লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের লোকজন সেখানে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে।"

এই বিষয়ে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান মুক্তকণ্ঠকে বলেন, "নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।"