স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনাল চলাকালে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে।

দেশটির জরুরি চিকিৎসা–সেবা সংস্থার বরাতে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস এ খবর জানিয়েছে। নিউইয়র্ক–নিউ জার্সিতে হওয়া বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১–০ গোলে হেরেছে আর্জেন্টিনা।

.

নিহত ব্যক্তিদের একজনের বয়স ৬৭ বছর, অন্যজনের ৮৮ বছর। এ ছাড়া একই ধরনের উপসর্গ নিয়ে ৭২ বছর বয়সী আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস।

সংবাদমাধ্যমটি তাদের প্রতিবেদনে লিখেছে, নিজ বাসায় হৃদ্‌রোগে আক্রান্ত হন ৬৭ বছর বয়সী ব্যক্তিটি। চিকিৎসাকর্মীরা তাঁকে সিপিআর দিলেও শেষ পর্যন্ত তাঁর জীবন রক্ষা করা সম্ভব হয়নি।

অন্যদিকে ৮৮ বছর বয়সী আরেক ব্যক্তি শ্বাসকষ্ট ও হৃদ্‌রোগজনিত উপসর্গে আক্রান্ত হন। তাঁর মেয়ে জরুরি সেবা বিভাগের সঙ্গে যোগাযোগ করলে তাঁকে সিপিআর দিয়ে দ্রুত একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রায় পাঁচ ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

.জিনেদিন জিদান থেকে এনজো ফার্নান্দেজ—বিশ্বকাপ ফাইনালে লাল কার্ড দেখেছেন কারা.

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৭২ বছর বয়সী আরেক ব্যক্তি বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর হঠাৎ শ্বাসকষ্ট এবং বুকে তীব্র ব্যথা শুরু হলে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছে, তাঁর অবস্থা এখনো সংকটাপন্ন।

এদিকে বুয়েনস এইরেসে ম্যাচের পরও কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। লাভালে ও ৯ ডি জুলিও অ্যাভিনিউর মোড়ে প্রায় ৪ মিটার উঁচু থেকে পড়ে গিয়ে ৪৭ বছর বয়সী এক ব্যক্তি গুরুতর আহত হন। তাঁর বাঁ পায়ে ভাঙন ও স্থানচ্যুতি হওয়ায় তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ছাড়া বিভিন্ন স্থানে মারামারি, ভিড়ের মধ্যে পড়ে যাওয়া এবং অতিরিক্ত মদ্যপানের কারণে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে অনেকে অ্যালকোহল বিষক্রিয়া, শরীরের বিভিন্ন স্থানে আঘাত এবং নাক ও মুখে কাটা জখম নিয়ে চিকিৎসা নিয়েছেন।

.‘নীরব ঘাতক’ রদ্রি যেভাবে বিশ্বকাপ–সেরা