সিরাজগঞ্জের রায়গঞ্জে গ্রামের মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম মো. ইলিয়াস খান (২৬), তিনি ওই এলাকার আবদুস সাত্তার খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে ফুটবল খেলা নিয়ে একই গ্রামের রাসেল আহমেদের সঙ্গে ইলিয়াস খানের কথা-কাটাকাটি হয়। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। অভিযোগ উঠেছে, বিরোধের জেরে রাসেল আহমেদ ও তাঁর ছেলে সিয়াম আহমেদ ধারালো অস্ত্র দিয়ে ইলিয়াসকে আঘাত করেন।

আঘাতের ফলে গুরুতর আহত ইলিয়াসকে স্থানীয় লোকজন উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান আজ সোমবার সকালে মুক্তকণ্ঠকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ভোর পর্যন্ত সেখানেই ছিলাম। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এখনো কোনো মামলা হয়নি।’