চট্টগ্রাম নগরের সিআরবি এলাকায় বড় পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা দেখার সময় এক ব্রাজিল সমর্থককে ধাওয়া করার ঘটনা ঘটেছে। একই সময়ে নগরের ২ নম্বর গেট এলাকায় মারামারির গুজবে আতঙ্কিত হয়ে দর্শকদের ছোটাছুটি করতে দেখা গেছে। গতকাল রোববার রাতে এই ঘটনাগুলো ঘটে, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সিআরবি এলাকায় ব্রাজিলের জার্সি পরিহিত এক কিশোরকে কয়েকজন ধাওয়া করছেন, যাদের অধিকাংশের গায়ে ছিল আর্জেন্টিনার জার্সি। এছাড়া ওই এলাকায় আরও একজনকে ধাওয়া করে একপর্যায়ে মারধর করার দৃশ্যও দেখা গেছে।
এ বিষয়ে আজ সকালে মুক্তকণ্ঠকে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর জানান, শত শত দর্শক খেলা দেখেছেন। খেলা দেখার সময় দর্শকদের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে কথা-কাটাকাটি হতে পারে। সিআরবি এলাকায় কাউকে মারধরের বিষয়টি পুলিশকে জানানো হয়নি। সেখানে যথেষ্ট পুলিশ ছিল।
অন্যদিকে, নগরের ২ নম্বর গেট এলাকায় বড় পর্দায় খেলা দেখার সময় দর্শকদের দৌড়াদৌড়ির দৃশ্য দেখা যায়। ভিডিওতে দেখা যায়, দর্শকেরা দ্রুত ছুটছেন এবং পাশে কিছু প্লাস্টিকের চেয়ার ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
পাঁচলাইশ থানার ওসি জাহিদুল ইসলাম আজ সকালে মুক্তকণ্ঠকে বলেন, “ঘটনাস্থলে আমি নিজে ছিলাম। খেলা চলাকালে হঠাৎ একটি মোটরসাইকেল পড়ে যায়। এ সময় মারামারির গুজবে দর্শকেরা দৌড়াদৌড়ি শুরু করেন।” তিনি আরও জানান, “বিষয়টি দেখতে পেয়ে আমরা দর্শকদের শান্ত করি। প্রকৃত বিষয় তুলে ধরার পর দৌড়ে পালিয়ে যাওয়া দর্শকেরা পুনরায় খেলা দেখতে আসেন। শান্তিপূর্ণভাবে খেলা দেখা শেষ হয়।”