চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ধান রোপণের সময় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকার একটি ধানখেতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা পার্শ্ববর্তী ভুজপুর ইউনিয়নের মীরেরখীল গ্রামের বাসিন্দা মুহাম্মদ হাশেম ও মুহাম্মদ ইউনুছ। তাঁরা পেশায় কৃষক ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল থেকে ওই দুই কৃষক ধানখেতে আমনের চারা রোপণের কাজ করছিলেন। বেলা সাড়ে তিনটার দিকে খেতের পাশ দিয়ে যাওয়া একটি বৈদ্যুতিক খুঁটি থেকে তার ছিঁড়ে পানিতে পড়ে যায়। এতে তাঁরা বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয় বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনাস্থলের কাছাকাছি দুটি বৈদ্যুতিক খুঁটি রয়েছে। দুর্ঘটনার পর দুই কৃষকের মরদেহের পাশে ছিঁড়ে পড়া বিদ্যুতের তার পড়ে থাকতে দেখা যায়।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে মুক্তকণ্ঠকে বলেন, "হালকা বাতাসের কারণে পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তার ছিঁড়ে ধানখেতে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।"