রাজধানীর সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে এমভি সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে। এই ঘটনায় ট্রলারে থাকা দুই যাত্রী নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম জানান, আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে সদরঘাটের শ্যামবাজার ঘাট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

ঘটনার বিস্তারিত জানিয়ে আনোয়ারুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, "বরিশাল থেকে আসা এমভি সুন্দরবন-১২ লঞ্চের সঙ্গে সংঘর্ষে ট্রলারটি ডুবে যায়। এতে ট্রলারে থাকা ১০ যাত্রীর মধ্যে ৮ জনকে নিরাপদে উদ্ধার করা হয়। তবে দুজন এখনো নিখোঁজ রয়েছেন।"

ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তার তথ্যমতে, যাত্রী বোঝাই ট্রলারটি কুমিল্লা জেলার কোনো গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছিল।

উদ্ধার অভিযান প্রসঙ্গে আনোয়ারুল ইসলাম বলেন, "ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান শনাক্ত করা হয়েছে। নিখোঁজ দুজনকে উদ্ধারে সদরঘাট নদী ফায়ার স্টেশনের একটি ইউনিট অভিযান চালাচ্ছে।"