কিশোরগঞ্জের নিকলী উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের ভিডিও ধারণ করতে গিয়ে বৈদ্যুতিক খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোর প্রাণ হারিয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাওরের পানিতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৯ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কিশোরের নাম মো. মোনায়েম (১৫), সে নিকলী উপজেলার নানশ্রী গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

গতকাল শনিবার বেলা দেড়টার দিকে উপজেলার কারপাশা ইউনিয়নের বাগখালী এলাকার নানশ্রী সেতুসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ফারুক হোসেনসহ কয়েকজন জানান, বন্ধুদের সঙ্গে টিকটকের ভিডিও করতে মোনায়েম নানশ্রী হাওরের সেতু এলাকায় গিয়েছিল। ভিডিওটিকে আরও আকর্ষণীয় করার লক্ষ্যে সে সেতুর পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে ওঠে এবং সেখান থেকে হাওরের পানিতে লাফ দেওয়ার প্রস্তুতি নেয়। ঠিক সেই মুহূর্তে বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসায় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে যায় এবং মুহূর্তেই তলিয়ে যায়।

ঘটনার পরপরই স্থানীয় লোকজন পানিতে নেমে মোনায়েমকে উদ্ধারের চেষ্টা করলেও কোনো সন্ধান পাওয়া যায়নি। খবর পেয়ে নিকলী থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর রাত পৌনে ১০টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, "খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে"। ঘটনার প্রেক্ষিতে তিনি বলেন, "ঘটনাটি খুবই দুঃখজনক। টিকটকের ভিডিও ধারণ করতে গিয়ে একটি তরতাজা প্রাণ ঝরে গেল।" একই সঙ্গে তিনি এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।