বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে লিওনেল মেসির রেকর্ড স্পর্শ ও অতিক্রম করেছেন ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পে। ফুটবল বিশ্বের দুই মহাতারকার মধ্যে গোল করার এই লড়াই এখন দর্শকদের জন্য বাড়তি বিনোদনের খোরাক হয়ে দাঁড়িয়েছে।
মায়ামিতে অনুষ্ঠিত ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ৪৮ মিনিটে প্রথম গোলটি করে গোল্ডেন বুটের দৌড়ে মেসিকে টপকান এমবাপ্পে। এই গোলের মাধ্যমে তিনি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ডে (২১ গোল) মেসির সমান হয়ে যান। তবে সেই সমতা স্থায়ী হয় মাত্র ১৮ মিনিট। ম্যাচের ৬৬ মিনিটে আরও একটি গোল করে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ডটি নিজের নামে করে নেন এমবাপ্পে। ২২ ম্যাচে তার মোট গোলের সংখ্যা দাঁড়িয়েছে ২২টি।
এই গোলের ফলে গোল্ডেন বুট জয়ের দৌড়েও মেসির চেয়ে এগিয়ে গেলেন ফরাসি তারকা। এমবাপ্পের ১০ গোল ও ৪ অ্যাসিস্টের বিপরীতে আর্জেন্টাইন কিংবদন্তির রয়েছে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট। তবে আজ রাতে স্পেনের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে নামবে আর্জেন্টিনা। সেখানে গোল করে পুনরায় রেকর্ডগুলো ছিনিয়ে নেওয়ার সুযোগ রয়েছে মেসির। এমবাপ্পের বিশ্বাস, ফাইনালে মেসি গোল করবেনই।
ইংল্যান্ডের বিপক্ষে ৬-৪ গোলে পরাজিত হওয়ার পর ফক্স স্পোর্টসকে এমবাপ্পে বলেন, ‘লিও সব সময় গোল করে। আগামীকালও (আজ রাতে) সে গোল করবে।’
রেকর্ড গড়লেও ফাইনালে উঠতে না পারার আক্ষেপ স্পষ্ট এমবাপ্পের কণ্ঠে। সেমিফাইনালে স্পেনের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে ফ্রান্সকে। ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের সাফল্যকেই বেশি গুরুত্ব দিয়েছেন তিনি। এমবাপ্পে আক্ষেপ করে বলেন, ‘ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা না হয়ে আগামীকালের (আজ রাতে) ম্যাচে খেলতে পারাটা বেছে নিতাম। আমার মনে হয়, ক্যারিয়ারের অর্জন বা লিগ্যাসির ক্ষেত্রে আলোচনা থামানোর জন্য এটা ভালো হয়েছে। তবে এই মুহূর্তে আমার মাথায় এসবের কিছুই নেই।’
তিনি আরও যোগ করেন, ‘বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার চেয়ে আগামীকাল (আজ রাতে) বিশ্বকাপের ফাইনাল খেলাটাই বেছে নিতাম।’






