গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) গবেষণা সহকারী নোটবুকএলএম-এর নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে এই সেবাটি ‘জেমিনাই নোটবুক’ নামে পরিচিত হবে। একই সঙ্গে গবেষণা ও তথ্য বিশ্লেষণের সক্ষমতা বাড়াতে এতে যুক্ত করা হচ্ছে ক্লাউডভিত্তিক কম্পিউটিং সুবিধা। মূলত জেমিনাই ব্র্যান্ডের অধীনে প্রতিষ্ঠানটির সব এআই সেবাগুলোকে আরও সমন্বিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
২০২৩ সালে গুগল আই/ও সম্মেলনে প্রথমে ‘প্রজেক্ট টেইলউইন্ড’ নামে এই সেবার ঘোষণা দেওয়া হয়েছিল, যা পরবর্তীতে নোটবুকএলএম নামে সবার জন্য উন্মুক্ত করা হয়। গুগলের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বজুড়ে ৩ কোটি ১০ লাখের বেশি মানুষ এই সেবাটি ব্যবহার করছেন। নাম ও লোগো পরিবর্তন হলেও ব্যবহারকারীদের জন্য সেবার ধরনে কোনো পরিবর্তন আসছে না। সংরক্ষিত নোটবুক, আপলোড করা নথি, নোট এবং তথ্যসূত্রসহ যাবতীয় সুবিধা আগের মতোই থাকবে, ফলে নতুন করে কোনো তথ্য স্থানান্তর বা প্রকল্প তৈরির প্রয়োজন হবে না। আগে থেকেই জেমিনাই এআই মডেলের মাধ্যমে পরিচালিত এই সেবাটি জেমিনাই অ্যাপ থেকেও ব্যবহার করা যেত। এখন নাম পরিবর্তনের মাধ্যমে গুগল জেমিনাইকে একটি সমন্বিত কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠার কৌশল আরও স্পষ্ট করল।
নাম পরিবর্তনের পাশাপাশি জেমিনাই নোটবুকে ক্লাউড কম্পিউটিং সুবিধা যুক্ত করার ফলে এটি এখন একটি নিরাপদ ক্লাউড কম্পিউটারে কাজ করতে পারবে। এর ফলে স্থানীয় কম্পিউটারের সক্ষমতার ওপর নির্ভর না করেই কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কোড লেখা ও চালানো, বিশাল তথ্যভান্ডার বিশ্লেষণ এবং জটিল হিসাব-নিকাশসহ গবেষণাভিত্তিক কাজগুলো সম্পন্ন করা যাবে।
এতদিন এই বিশেষ সুবিধাটি শুধুমাত্র গুগল এআই আলট্রা এবং নির্দিষ্ট গুগল ওয়ার্কস্পেস ব্যবসায়িক গ্রাহকদের জন্য সীমাবদ্ধ ছিল। তবে গুগল জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ওয়েব সংস্করণের গুগল এআই প্রো গ্রাহকদের জন্যও এই সুবিধা চালু করা হবে। প্রতিষ্ঠানটির মতে, তথ্য বিশ্লেষণ, প্রোগ্রামিং এবং গভীর গবেষণার মতো জটিল কাজে ক্লাউডভিত্তিক এই সুবিধা ব্যবহারকারীদের আরও দ্রুত ও দক্ষতার সঙ্গে কাজ করতে সহায়তা করবে।
এছাড়া জেমিনাই নোটবুককে গুগলের অন্যান্য এআই সেবার সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করার প্রক্রিয়া চলছে। জেমিনাই অ্যাপের পর খুব শীঘ্রই এটি গুগল সার্চের এআই মোডেও যুক্ত হবে, যার ফলে ব্যবহারকারীরা ওয়েবে তথ্য খোঁজার সময়ই নোটবুকভিত্তিক গবেষণার সুবিধা পাবেন।
জেনারেটিভ এআই বাজারে ক্রমবর্ধমান প্রতিযোগিতার মুখে জেমিনাই ব্র্যান্ডের আওতায় সব সেবা একীভূত করার কৌশল নিয়েছে গুগল। তবে প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে যে, নাম ও লোগো পরিবর্তন হলেও জেমিনাই নোটবুক ব্যবহারের অভিজ্ঞতায় কোনো পরিবর্তন আসবে না এবং ব্যবহারকারীরা আগের মতোই নিরবচ্ছিন্নভাবে সেবাটি পাবেন।