রাজধানীর মতিঝিলে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদার দাবিতে গুলি চালানোর অভিযোগে গ্রেপ্তার হওয়া দুই আসামিকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। গ্রেপ্তারকৃতরা হলেন মো. তানিম রেজা ওরফে বাপ্পী (৪৬) ও মো. রাকিবুল ইসলাম ভূঁইয়া ওরফে রিজন (৩৫)।
আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) জামশেদ আলমের আদালত এই রিমান্ডের আদেশ দেন। আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার এসআই মোমিনুর রহমান আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
পুলিশের রিমান্ড আবেদন অনুযায়ী, মামলার বাদী মো. ইসমাইল হোসেন মতিঝিলের ব্রাদার্স ইউনিয়ন ক্লাবসংলগ্ন কোরবানির অস্থায়ী গরুর হাটের ইজারাদার। গত ১৯ মে তাঁকে হোয়াটসঅ্যাপে কল করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে এবং দাবিমতো হাটে অংশীদার না করলে তাঁকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়। এই ঘটনায় পরদিন ২০ মে তিনি মতিঝিল থানায় মামলা দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১৯ মে ভোরে দক্ষিণ কমলাপুরে বাদীর প্রতিষ্ঠান ‘এআই কার্গো সার্ভিস’-এর তালা কেটে দুর্বৃত্তরা ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। ওই দিন সকাল সাড়ে ছয়টার দিকে প্রতিষ্ঠানটির লক্ষ্য করে চারটি গুলি ছোড়া হয়, যার ফলে জানালার কাচসহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়।
তদন্তকারী পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আসামিদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। সেই তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার দিলকুশার হোটেল পূর্বাণীর সামনে থেকে তানিম রেজাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ কমলাপুর এলাকা থেকে রাকিবুল ইসলাম ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানিয়েছে, দুই আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে ইস্টার্ন কমলাপুর হাউজিংয়ের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি, একটি ইলেকট্রিক শক গান ও একটি কুড়াল উদ্ধার করা হয়েছে।
তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেছেন, এই ঘটনার মূল পরিকল্পনাকারী, পলাতক সহযোগী, ব্যবহৃত অস্ত্রের উৎস এবং চাঁদাবাজি চক্রের বাকি সদস্যদের শনাক্ত করতে আসামিদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
অন্যদিকে, তানিম রেজা ও রাকিবুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র আইনে মতিঝিল থানায় আরও একটি মামলা করা হয়েছে। মতিঝিল থানার এসআই মোমিনুর রহমান বাদী হয়ে এই মামলাটি করেছেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার।