জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার ভোরে এই ঘটনাটি ঘটে। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা।

আজ দুপুরে আল-সাদিক (হৃদয়) নামের একটি ফেসবুক আইডি থেকে ওই ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি স্মৃতিস্তম্ভের দিকে জ্বলন্ত কাপড় ছুড়ে মারছেন এবং সেখানে আগুন জ্বলছে।

"দুপুরে সরেজমিনে দেখা যায়, স্মৃতিস্তম্ভের পাশে পোড়া কাপড় ও ছাই পড়ে আছে। তবে মূল কাঠামোয় বড় ধরনের ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যায়নি।"

তদন্তে জানা গেছে, ভিডিওটি যিনি পোস্ট করেছেন সেই আল-সাদিকের বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর এলাকায়। তিনি বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ থেকে পড়াশোনা শেষ করে তিন-চার মাস আগে তিনি স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় যান। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন সভা, সেমিনার ও মিছিলে অংশ নিতেন।

এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে জামালপুর জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইহসান বলেন, ঘটনার প্রতিবাদে আজ সন্ধ্যায় স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করবেন তাঁরা।

ঘটনাস্থল পরিদর্শনের পর জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম সাংবাদিকদের জানান, "তদন্ত ছাড়া এ বিষয়ে কোনো মন্তব্য করা সম্ভব নয়।"