বিশ্বকাপ ফুটবলের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। উদ্বোধনী অনুষ্ঠানের জাঁকজমকের পর ফাইনালের বিরতিতে জনপ্রিয় তারকা শিল্পীদের পারফরম্যান্স নিয়ে দীর্ঘ আলোচনার পর অবশেষে বিষয়টি পরিষ্কার করল ফিফা।

কদিন ধরেই গুঞ্জন ছিল যে, ম্যাচের মধ্যবর্তী বিরতিতে ৩০ থেকে ৪০ মিনিটের দীর্ঘ পারফরম্যান্স রাখা হতে পারে। ফুটবল বিশ্লেষকদের মতে, ১৫ মিনিটের বিরতি যদি ৩০ মিনিটে উন্নীত হয়, তবে ম্যাচের ছন্দপতন ঘটার সম্ভাবনা থাকে। এই সমালোচনার মুখে ফিফা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে, ফাইনালে হাফটাইমের বিরতি হবে সর্বোচ্চ ১৭ মিনিট।

ফিফা ইতিমধ্যেই স্পেন ও আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনকে এই সিদ্ধান্ত অবহিত করেছে। প্রচলিত ফুটবল ম্যাচের বিরতির চেয়ে এবারের বিরতি মাত্র দুই মিনিট বেশি হবে। এর মধ্যে সংগীত পরিবেশনার জন্য বরাদ্দ রাখা হয়েছে ১১ মিনিট। বাকি প্রায় ছয় মিনিট ব্যয় হবে মঞ্চ স্থাপন, তা সরিয়ে নেওয়া এবং খেলোয়াড়দের পানি দেওয়ার কাজে।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই হাই-ভোল্টেজ ম্যাচে বিরতির সময় পারফর্ম করবেন বিশ্বখ্যাত তারকা শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবার। এর আগে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস এবং ব্রিটিশ ব্যান্ড কোল্ড প্লে-র নাম শোনা গেলেও শেষ পর্যন্ত ফিফা এই তিন শিল্পীর নাম নিশ্চিত করেছে।

এছাড়া ম্যাচে আগের মতোই হাইড্রেশন ব্রেক থাকবে। প্রচণ্ড গরমের কথা বিবেচনা করে চলমান বিশ্বকাপের প্রতিটি অর্ধে একটি করে পানি পানের বিরতি রাখা হয়েছে।