বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় আর্জেন্টিনাকে রেফারির বিশেষ সুবিধা দেওয়ার বিষয়টি নিয়ে দীর্ঘ বিতর্ক চলছে। শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার কাছে পরাজয়ের পর মিসরের কোচ হোসাম হাসান এবং খেলোয়াড় মোস্তাফা জিকো রেফারির পক্ষপাতের অভিযোগ তুলেছিলেন। এমনকি ওই ম্যাচের রেফারিং নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগও দায়ের করে মিসর।
এই পরিস্থিতির প্রেক্ষাপটে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে রেফারির ভূমিকা নিয়ে কথা বলেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। রোববার রাতে নিউ জার্সির স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালে স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচের দায়িত্ব হবে খেলার নিয়ম কঠোরভাবে প্রয়োগ করা বলে মনে করেন তিনি।
স্প্যানিশ দৈনিক স্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তে বলেন, ‘রেফারি কোনোভাবেই শিথিলতা দেখাতে পারেন না কিংবা নিয়ম ভাঙার সুযোগ দিতে পারেন না। ফুটবলের বৈধতার যে সীমারেখা আছে, তা কোনোভাবেই অতিক্রম করা উচিত নয়।’
তবে রেফারিদের ওপর নিজের পূর্ণ আস্থার কথা জানিয়ে স্পেন কোচ বলেন, ‘রেফারিদের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। একই সঙ্গে আমাদেরও পরিষ্কারভাবে জানা আছে, এমন ম্যাচে কীভাবে খেলতে হয়।’
কোচিং কোর্সে লিওনেল স্কালোনির প্রশিক্ষক ছিলেন লুইস দে লা ফুয়েন্তে। সেই সম্পর্কের কথা উল্লেখ করে তিনি জানান, ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে স্পেনের নিজেদের খেলার ধরন ধরে রাখা। তিনি বলেন, ‘আর্জেন্টিনা তাদের মতো করেই খেলবে। কিন্তু আমাদের মনোযোগ থাকতে হবে শুধু নিজেদের খেলায়। নিজেদের ফুটবল আরও শক্তিশালী করা এবং সেটিকে আরও উন্নত করাই আমাদের লক্ষ্য।’
নিজেদের দর্শন থেকে বিচ্যুত না হওয়ার ব্যাপারে সতর্ক করে সর্বশেষ ইউরোজয়ী কোচ আরও বলেন, ‘আমরা যদি আমাদের ফুটবল দর্শন ও খেলার ধরন থেকে বিচ্যুত হই, তাহলে ভুগতে হবে।’ তিনি আরও যোগ করেন, ‘আমরা ফুটবলটা ফুটবলের মতো খেলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। নিজেদের ভাবনায় অটল থাকতে চাই, কোনো উসকানিতে পা দিতে চাই না। অবশ্য এর মানে এই নয় যে আর্জেন্টিনা এমন কিছু করবে।’