যশোরের অভয়নগর উপজেলায় মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় এক শিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার মশরহাটী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত হোসাইন আহমেদের (২২) বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার জয়পুর গ্রামে। তিনি অভয়নগর উপজেলার নওয়াপাড়া বেতার কোনা মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যা আনুমানিক ছয়টার দিকে হোসাইন আহমেদ মশরহাটী এলাকায় মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইন ধরে হাঁটছিলেন। সেই সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৌসুমী ইয়াসমিন বলেন, "স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়।"

অন্যদিকে, যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির (জিআরপি) উপপরিদর্শক আবদুল্লাহ আল মামুন জানান, ট্রেনের ধাক্কায় কারও মৃত্যুর খবর তিনি পাননি।