চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকার একটি কলোনিতে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে আবদুল মতিন (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত দুই দিনে অন্তত ১৭ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

শুক্রবার দুপুরে আবদুল মতিনকে টেক্সটাইল মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বায়েজিদের চন্দ্রনগর এলাকার বাবুলের কলোনিতে বৃহস্পতিবার রাতে প্রথম কয়েকজনের মধ্যে ডায়রিয়ার উপসর্গ দেখা দেয়। আক্রান্ত একজনকে রাতেই মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া আরও একজন ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। প্রাপ্ত তথ্যানুযায়ী, সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন এবং মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন চিকিৎসা নিয়েছেন। এছাড়া কয়েকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাতুল হালদার বলেন, "ডায়রিয়ায় আক্রান্ত সাতজন তাঁদের হাসপাতালে ভর্তি হয়েছেন। সবাই একই এলাকার বাসিন্দা। প্রাথমিকভাবে এটি পানিবাহিত রোগের প্রাদুর্ভাব হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আবদুল মতিনকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।"

বাবুলের কলোনির বাসিন্দা আবদুল্লাহ আল হারুন অভিযোগ করেন, কলোনির বাসিন্দাদের পানি সরবরাহের ট্যাংকটি দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে এবং ট্যাংকের ভেতরে মৃত ইঁদুর পাওয়া গেছে। তাঁর দাবি, "দূষিত পানি ব্যবহারের কারণেই ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে।" তিনি আরও জানান, আক্রান্তের সংখ্যা ৩০ জনের বেশি হতে পারে।

বিষয়টি নিয়ে চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম মুক্তকণ্ঠকে বলেন, "সেখানে ওয়াসার কোনো সংযোগ নেই।"

অন্যদিকে, চট্টগ্রামের সিভিল সার্জন জাহাঙ্গীর আলম জানান, বিষয়টি তাঁদের নজরে এসেছে। এলাকাটি সিটি করপোরেশনের আওতাভুক্ত হলেও পরিস্থিতি খতিয়ে দেখতে স্বাস্থ্য বিভাগের স্যানিটেশন কর্মকর্তাদের সেখানে পাঠানো হবে।