ময়মনসিংহের ভালুকায় মাদক ব্যবসার অভিযোগে এক নারী ও তাঁর ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনার আগে বিক্ষুব্ধ জনতা ওই পরিবারের বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। আজ শুক্রবার সকালে ভালুকা উপজেলার আওলাতলী গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে হবিরবাড়ি ইউনিয়নের আওলাতলী মধ্যপাড়া (পুরাতন) জামে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে আশপাশের কয়েকটি গ্রামের মানুষ সেখানে জড়ো হন। এরপর মাদক ব্যবসার অভিযোগে আওলাতলী গ্রামের জামাল উদ্দিনের ছেলে পারভেজ মিয়া (২৫) ও তাঁর মা পারভীন আক্তারকে (৪৫) আটক করে ভালুকা মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। উল্লেখ্য, আটক পারভেজ মিয়ার বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মাদকের পাঁচটি মামলা রয়েছে। এক মাস আগে মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছিল।
স্থানীয় বাসিন্দাদের বিবরণ অনুযায়ী, মসজিদের মাইকে ঘোষণার পর বিপুল সংখ্যক মানুষ জামাল উদ্দিনের বাড়ির সামনে জড়ো হন এবং পারভেজ ও তাঁর মাকে আটক করেন। এসময় পরিবারের অন্য সদস্যরা পালিয়ে যান। খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ এসে মা-ছেলেকে হেফাজতে নেয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই উত্তেজিত জনতা বাড়িটিতে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। এতে তিনটি আধা পাকা বসতঘর, চারটি টিনশেড ঘর, একটি রান্নাঘর ও একটি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের দাবি, উদ্ধার হওয়া মাদকের একটি অংশও আগুনে পুড়ে গেছে।
আওলাতলী মধ্যপাড়া (পুরাতন) জামে মসজিদের ইমাম শফিকুল ইসলাম বলেন, "সারা দেশে মাদক নির্মূলে সরকারের যে উদ্যোগ রয়েছে, তারই অংশ হিসেবে এলাকাবাসী একত্র হয়ে অভিযুক্তদের বাড়িতে আগুন দেয়।"
হবিরবাড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মকবুল হোসেন অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার কারণে ওই পরিবারের ওপর এলাকাবাসী ক্ষুব্ধ ছিল। তিনি বলেন, "ছোট ছোট ছেলে তাঁদের কারণে মাদকাসক্ত হয়ে যাচ্ছিল।" একই অভিযোগ করেন হবিরবাড়ি ইউনিয়নের ইউপি সদস্য মো. শাহজাহান।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, তাঁদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা পাওয়া গেছে এবং পরিবারটি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তবে পুলিশ পৌঁছানোর আগেই ক্ষুব্ধ জনতা বসতঘরে আগুন ধরিয়ে দেয়। তিনি আরও জানান, আটক মা ও ছেলের বিরুদ্ধে থানায় আগে কোনো মামলা আছে কি না, তা যাচাই করা হচ্ছে এবং নতুন মামলার প্রস্তুতি চলছে।