জরুরি পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এর ফলে ওই এলাকার আবাসিক ও বাণিজ্যিক সব ধরনের গ্রাহক সাময়িকভাবে গ্যাস পাবেন না।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকার ফ্রি স্কুল স্ট্রিট, ভূতের গলি, কিচেন রোড, আল আমিন রোড এবং কাঁঠালবাগান এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া ফ্রি স্কুল স্ট্রিট, হাতিরপুল, পুকুরপাড় ও ধানমন্ডি এলাকার পুরোনো বিতরণ লাইন এবং সার্ভিস লাইনের লিকেজ বা ছিদ্রজনিত সমস্যা সমাধানে প্রতিস্থাপন কাজ চালানো হবে। এই কারণে ২১ জুলাই দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, এই সময়ে সংশ্লিষ্ট এলাকার আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকেরা গ্যাস পাবেন না এবং আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।