ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদে দ্রুতগামী ট্রেনের ধাক্কায় একটি স্কুলবাস দুমড়েমুচড়ে গিয়ে তিন শিক্ষার্থীসহ চারজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাতটার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এতে আরও পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আজিমগঞ্জ-কাটোয়া শাখার কর্ণ সুবর্ণ ও গোবিন্দপুর স্টেশনের মাঝামাঝি একটি রেলগেট খোলা থাকা অবস্থায় রেললাইন পার হওয়ার সময় নিমতিতা-কাটোয়া লোকাল ট্রেনের ধাক্কায় স্কুলবাসটি দুর্ঘটনার কবলে পড়ে। বাসটিতে মোট ১০ জন শিক্ষার্থী ছিল। দুর্ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ জানিয়েছে, ঘটনাটি সকাল ৬টা ৪০ মিনিটের দিকে ঘটেছে। অভিযোগ উঠেছে, ট্রেন আসার সময় রেলগেট বন্ধ থাকার কথা থাকলেও তা খোলা ছিল, যার সুযোগ নিয়ে চালক দ্রুত লাইন পার হতে গিয়ে এই দুর্ঘটনার সম্মুখীন হন।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ডাউন নিমতিতা-কাটোয়া রুটের লোকাল ট্রেনটি আসার কিছুক্ষণ আগে আপ হাওড়াগামী নবদ্বীপ এক্সপ্রেস রেলগেট পার হয়। তখন গেটম্যান গেটটি খুলে দিলেও লোকাল ট্রেনটি আসার আগে তা পুনরায় বন্ধ করেননি। ফলে গেট খোলা থাকা অবস্থাতেই দ্রুতগামী ট্রেনটি লাইনে প্রবেশ করে এবং স্কুলবাসটিকে ধাক্কা দেয়।

এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কর্তব্যরত গেটম্যান নেশাগ্রস্ত অবস্থায় দায়িত্ব পালন করছিলেন এবং তিনি রেলগেট বন্ধ করতে ভুলে গিয়েছিলেন। তাঁর এই চরম অসতর্কতার কারণেই এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন এলাকাবাসী।