বিশ্বকাপ জয়ের স্মৃতি এখন আর কেবল সোনালি ট্রফি কিংবা গলায় ঝোলানো পদকেই সীমাবদ্ধ রাখছে না ফিফা। ফুটবলের সর্বোচ্চ মঞ্চে এবার প্রথমবারের মতো চ্যাম্পিয়ন দলের জন্য প্রবর্তন করা হচ্ছে ‘চ্যাম্পিয়নশিপ রিং’।
ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম বিজয়ীদের জন্য এমন বিশেষ সম্মাননা চালু করা হলো। মূলত যুক্তরাষ্ট্রের এনবিএ, এনএফএল কিংবা এমএলবির মতো জনপ্রিয় লিগগুলোতে চ্যাম্পিয়নশিপ রিংয়ের দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে। উত্তর আমেরিকা আয়োজিত আসন্ন বিশ্বকাপের মাধ্যমে সেই সংস্কৃতি এবার ফুটবলে প্রবেশ করতে যাচ্ছে।
ফিফা তাদের ওয়েবসাইটে এই রিং সম্পর্কে বিস্তারিত জানিয়ে বলেছে, বিশ্বকাপের বছরটিকে স্মরণীয় করে রাখতে মোট ২ হাজার ২৬টি রিং তৈরি করা হবে। এর মধ্যে মাত্র ৩০টি রিং সংরক্ষিত থাকবে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় এবং কোচিং স্টাফদের জন্য। বাকি ১ হাজার ৯৯৬টি রিং অফিশিয়াল লাইসেন্সপ্রাপ্ত পণ্য হিসেবে বিশ্বজুড়ে সমর্থকদের জন্য বাজারে ছাড়া হবে।
ডিজাইনের ক্ষেত্রে রিংয়ের এক পাশে থাকবে বিশ্বকাপ ট্রফির নকশা এবং অন্য পাশে থাকবে চ্যাম্পিয়ন দলের পরিচয়, রং ও প্রতীক। বিজয়ী দলের জন্য তৈরি প্রতিটি রিংয়ে আলাদা সিরিয়াল নম্বর থাকবে। এছাড়া মালিকের আঙুলের মাপ অনুযায়ী রিংটি তৈরি করা হবে এবং সাথে থাকবে একটি সত্যায়নপত্র (সার্টিফিকেট অব অথেনটিসিটি)।
পরিকল্পনা অনুযায়ী, ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চেই বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচকে স্মারক হিসেবে অস্থায়ী রিং দেওয়া হবে। পরবর্তীতে খেলোয়াড় ও স্টাফদের সঠিক মাপ অনুযায়ী ৩০টি রিং তৈরি করে আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে তুলে দেওয়া হবে।
এবারের ফাইনালে চতুর্থ শিরোপার লক্ষ্যে নামছে আর্জেন্টিনা এবং দ্বিতীয় শিরোপার প্রত্যাশায় নামছে স্পেন। যে দলই জয়লাভ করুক না কেন, ট্রফি ও স্বর্ণপদকের পাশাপাশি তারাই হবে বিশ্বকাপ ইতিহাসের প্রথম দল, যাদের আঙুলে শোভা পাবে ফিফার এই নতুন ‘চ্যাম্পিয়নশিপ রিং’।






