২০২৬ বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনা ও স্পেনের লড়াইয়ে বাঁশি বাজাবেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ। আগামী রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ফাইনাল ম্যাচের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ফিফা ফাইনালের ম্যাচ কর্মকর্তাদের তালিকা প্রকাশ করেছে। মাঠে ভিনচিচের সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন তাঁর স্বদেশি তোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। এছাড়া চতুর্থ রেফারি হিসেবে থাকবেন জর্ডানের আধহাম মাখাদমেহ এবং রিজার্ভ সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন কাতারের মোহাম্মদ আলকালাফ।
৪৬ বছর বয়সী ভিনচিচ ২০১০ সালে ফিফার আন্তর্জাতিক রেফারির স্বীকৃতি পাওয়ার পর থেকে দীর্ঘ দেড় দশক ধরে ইউরোপীয় ও আন্তর্জাতিক ফুটবলের বড় বড় টুর্নামেন্টে দায়িত্ব পালন করছেন। ক্লাব ফুটবলে ২০২৪ সালে রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ডের মধ্যকার উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল পরিচালনা করেছিলেন তিনি।
২০২২ সালে কাতারে বিশ্বকাপের অভিষেক ঘটে ভিনচিচের। সেবার দুটি ম্যাচ পরিচালনার পর ২০২৬ আসরে তিনি ইতিমধ্যে তিনটি ম্যাচ পরিচালনা করেছেন। গ্রুপ পর্বে ব্রাজিল-মরক্কো ও জর্ডান–আলজেরিয়া এবং শেষ বত্রিশে মেক্সিকো-ইকুয়েডরের ম্যাচগুলো ছিল তাঁর অধীনে। ফলে আর্জেন্টিনা-স্পেন ফাইনালটি হবে তাঁর ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ ম্যাচ এবং চলতি আসরের চতুর্থ ম্যাচ।
আর্জেন্টিনার ম্যাচে ভিনচিচ এর আগে মাত্র একবার দেখা দিয়েছেন। ২০২২ কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে সৌদি আরবের বিপক্ষে সেই ম্যাচে ২-১ গোলে হেরে ৩৬ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ড ভেঙেছিল লিওনেল মেসির দল। ম্যাচের সপ্তম মিনিটে লিয়ান্দ্রো পারেদেসকে ফাউলের জন্য পেনাল্টি দিয়েছিলেন ভিনচিচ, যেখান থেকে গোল করেছিলেন মেসি। ওই ম্যাচে সৌদি আরবের ছয় খেলোয়াড় হলুদ কার্ড পেলেও আর্জেন্টিনার কেউ কার্ড পাননি।
অন্যদিকে স্পেনের সঙ্গে ভিনচিচের সম্পর্ক দীর্ঘদিনের। ২০১৭ সালে কলম্বিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ দিয়ে শুরু হওয়া এই পথচলায় তিনি ২০২০ ইউরোতে স্পেন-সুইডেন এবং ২০২৩ উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে স্পেন-ইতালি ম্যাচ পরিচালনা করেছেন। এছাড়া ২০২৪ ইউরোতে ইতালির বিপক্ষে স্পেনের ১-০ জয় এবং সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা ম্যাচেও বাঁশি বাজিয়েছিলেন তিনি। ফ্রান্সের বিপক্ষে সেই ম্যাচেই দুর্দান্ত দূরপাল্লার গোলে আলোচনায় এসেছিলেন স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল।






