আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যাংকটির অন্যতম প্রতিষ্ঠাতা উদ্যোক্তা বদিউর রহমান। একই সঙ্গে নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সেলিম রহমান। গতকাল বৃহস্পতিবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে তাঁদের এই দায়িত্ব অর্পণ করা হয়। ব্যাংকটি এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বদিউর রহমান ব্যাংকটির শুরুর দিকের উদ্যোক্তাদের একজন। ইতিপূর্বে ২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি এই ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যাংক খাতের পাশাপাশি তিনি আরও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন।
দায়িত্ব গ্রহণের পর বদিউর রহমান বলেন, "২০০৮ সালে প্রথমবার চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের সময় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক নিয়োজিত ছিল। সে সময়ের চ্যালেঞ্জ মোকাবিলা করে ব্যাংকটিকে এগিয়ে নেওয়া সম্ভব হয়েছিল।"
বর্তমানে আবারও বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগের প্রেক্ষাপটে নতুন চ্যালেঞ্জের মুখে দায়িত্ব গ্রহণ করেছেন উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতায় ব্যাংকটিকে ঘুরে দাঁড় করানোর প্রত্যয় ব্যক্ত করেন।
অন্যদিকে, নির্বাহী কমিটির নতুন চেয়ারম্যান সেলিম রহমান শিল্পগোষ্ঠী কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। কেডিএস গ্রুপের ব্যবসায়িক কার্যক্রম গার্মেন্টস, টেক্সটাইল, স্টিল, লজিস্টিকস এবং আর্থিক সেবাসহ বিভিন্ন খাতে বিস্তৃত। বর্তমানে তিনি বিজিএমইএর প্রথম সহসভাপতির দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, গত বুধবার বাংলাদেশ ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পুরোনো ১৪ জন শেয়ারধারীকে পরিচালক হিসেবে নিয়োগ দেয়। ২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যাংকটির আগের পর্ষদ ভেঙে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছিল এবং গতকাল পর্যন্ত ব্যাংকটি সেই স্বতন্ত্র পরিচালকদের মাধ্যমেই পরিচালিত হচ্ছিল।