শৌচাগারে সিগারেট ধরাতে গিয়ে আকস্মিক বিস্ফোরণে দগ্ধ হয়ে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত ওই শিক্ষার্থীর নাম দীন ইসলাম ওরফে সিয়াম (২০)। বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জানা গেছে, গত রোববার দিবাগত রাত একটার দিকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের আলী নেকি দেউড়ির নিজ বাসায় দীন ইসলাম দগ্ধ হন। তিনি ওই এলাকার আনোয়ার হোসেনের ছেলে এবং রায়হান স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ কর্মকর্তা ও স্বজনদের ধারণা, শৌচাগারে আগে থেকেই কোনোভাবে গ্যাস জমে ছিল। সিগারেটের জন্য গ্যাসলাইট জ্বালাতেই সেখানে বিস্ফোরণ ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পরপরই দীন ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর থেকে তিনি হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল।

বংশাল থানার উপপরিদর্শক আবুল হোসেন মুক্তকণ্ঠকে দীন ইসলামের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।