হবিগঞ্জের আজমিরীগঞ্জে তিনটি মোটরসাইকেলের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় তিনজন নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের জলসুখা সেতু এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন আজমিরীগঞ্জের পাহাড়পুর গ্রামের চন্দনের ছেলে অন্তর (২৫), বানিয়াচং উপজেলার আমিরখানী মহল্লার ফুল মিয়ার ছেলে তানভীর এবং নুরুল লস্করের ছেলে আবিদুল লস্কর।
আহত ব্যক্তিরা হলেন চুনারুঘাট উপজেলার শেখেরগাঁও গ্রামের আব্দুস শহিদের ছেলে সাহিদুল ইসলাম বাচ্চু (৩৫) ও গোছাপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে মো. মিজান মিয়া (২৭)। জানা গেছে, তাঁরা একটি এনজিওতে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজমিরীগঞ্জ-শাল্লা আঞ্চলিক মহাসড়কের নির্মাণকাজ চলমান রয়েছে। এই সময়েই জলসুখা সেতু এলাকায় তিনটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত চারজনকে উদ্ধার করে দ্রুত হবিগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনা প্রসঙ্গে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর হোসেন জানান, "দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।"
তিনি আরও জানান, নিহত ব্যক্তিদের মরদেহ বর্তমানে হবিগঞ্জ মর্গে রাখা হয়েছে।