চট্টগ্রামের সীতাকুণ্ডে রথযাত্রা দেখতে গিয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় জগন্নাথ দে নামের সাড়ে চার বছরের এক শিশু নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ফেরিঘাট সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিশুটি হাটহাজারী উপজেলার বারুইপাড়া গ্রামের প্রবাসী রুবেল দের বড় ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রথযাত্রা উপলক্ষে জগন্নাথের মা জবা দেবী তার দুই ছেলেকে নিয়ে বাঁশবাড়িয়া ইউনিয়নের বাইন্নারখোলা এলাকায় এক আত্মীয়র বাড়িতে বেড়াতে এসেছিলেন। বিকেলে ওই এলাকায় রথ পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে মা ও ছেলেরাসহ আরও অনেকে তা দেখছিলেন।
সেই সময় বাঁশবাড়িয়া সৈকতের দিক থেকে আসা একটি দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশা হঠাৎ জগন্নাথকে ধাক্কা দেয়। এতে শিশুটি সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, অটোরিকশাটি না থেমে তার পেছনের চাকা শিশুটির শরীরের ওপর দিয়ে চলে যায় এবং চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
দুর্ঘটনার পরপরই উপস্থিত লোকজন শিশুটিকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে আরও নিশ্চিত হওয়ার জন্য চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসকরাও তাকে মৃত বলে জানান। এরপর মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফখরুল আমিন মুক্তকণ্ঠকে বলেন, "বিকেল পৌনে পাঁচটার দিকে জগন্নাথ দেকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মাথায় গুরুতর আঘাত ছিল। এ ছাড়া কান দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল এবং কয়েকটি দাঁত ভেঙে গিয়েছিল।"