ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে (ডব্লিউইউবি) আয়োজিত ‘বিজনেস আইডিয়া কম্পিটিশন–২০২৬ ইনোভেশন ফর সাসটেইনেবল গ্রোথ’-এর বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে। গতকাল বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডিং ট্রেজারার মরশেদা চৌধুরী অডিটোরিয়ামে তিন দিনব্যাপী এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ, শিল্প খাতের প্রতিনিধি, বিচারক, মেন্টর, শিক্ষক ও শিক্ষার্থীসহ আয়োজক কমিটির সদস্য মিলিয়ে মোট ১২৬ জনের বেশি অতিথি ও অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক জাকি ইমাম অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সৃজনশীলতা, নিষ্ঠা এবং উদ্যোক্তা মানসিকতার ভূয়সী প্রশংসা করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, উদ্যোক্তা মানসিকতা এবং শিল্প ও একাডেমিয়ার মধ্যকার সংযোগ আরও জোরদার করার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘এ ধরনের উদ্যোগ ভবিষ্যতের দক্ষ উদ্যোক্তা ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
অতিথি অব অনার হিসেবে উপস্থিত ওয়ালটন হাই–টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম সরকার দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে উদ্ভাবনভিত্তিক উদ্যোক্তা তৈরির প্রয়োজনীয়তা তুলে ধরেন। একইসঙ্গে তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ও সফল উদ্যোগে রূপান্তরের আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) জেনারেল ম্যানেজমেন্ট বিভাগের প্রধান অধ্যাপক মো. মামুন হাবিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক রফিউদ্দিন আহমেদ। তাঁরা উদ্ভাবন, টেকসই উন্নয়ন এবং শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব আলোচনা করেন।
কোর কমিটির পক্ষে একাডেমিক অ্যাফেয়ার্স অ্যান্ড রিসার্চের ডিন অধ্যাপক এ কিউ এম শফিউল আজম সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। অন্যদিকে, অ্যাডভাইজরি কমিটির পক্ষে সহ–উপাচার্য ড. এম নুরুল ইসলাম শিক্ষার্থীদের মাঝে উদ্যোক্তা চিন্তা ও টেকসই উদ্ভাবন বিকাশে এই উদ্যোগের প্রশংসা করেন। অনুষ্ঠানে প্রতিযোগিতার সফল আয়োজনে অবদান রাখা অভ্যন্তরীণ ও বহিরাগত বিচারক, বিশেষ অতিথি এবং আয়োজক কমিটির সদস্যদের সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।
প্রতিযোগিতায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘টিম AmarDoctor’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রথম রানারআপ হয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘টিম Green Genesis’ এবং দ্বিতীয় রানারআপ হয় ফার্মেসি বিভাগের ‘টিম Pharmagoal’। এছাড়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘টিম EcoPulp BD’ লাভ করে ‘বেস্ট ইনোভেটিভ আইডিয়া অ্যাওয়ার্ড’ এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ‘টিম CareCatalyst’ অর্জন করে ‘বেস্ট সোশ্যাল ইমপ্যাক্ট আইডিয়া অ্যাওয়ার্ড’।
সমাপনী বক্তব্যে ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ডিন ও প্রতিযোগিতার আহ্বায়ক অধ্যাপক সেলিম আহমেদ আয়োজনের সাথে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানান। তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণাকে টেকসই উদ্যোগে রূপান্তরের মাধ্যমে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।