গুগল সার্চের অভিজ্ঞতায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট গুগল। এখন থেকে ব্যবহারকারীরা সার্চ করার সময়ই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে নিজেদের প্রয়োজন অনুযায়ী ছবি তৈরি করে নিতে পারবেন। গুগলের 'এআই ওভারভিউস' অপশনে লিখিত নির্দেশনা বা প্রম্পট প্রদানের মাধ্যমে এই সুবিধা পাওয়া যাবে।

গুগল জানিয়েছে, তাদের সবশেষ ছবি তৈরির মডেল 'ন্যানো বানানা'র মাধ্যমে এই নতুন ফিচারটি তৈরি করা হয়েছে। ব্যবহারকারী কী ধরনের ছবি চান, তা লিখে জানালেই এআই সেই নির্দেশনার ভিত্তিতে সম্পূর্ণ নতুন ছবি তৈরি করে দেবে। এর ফলে ইন্টারনেটে আগে থেকে বিদ্যমান ছবির ওপর নির্ভরশীলতা হ্রাস পাবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, এই সুবিধাটি ব্যবহারকারীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকবে।

গুগলের দেওয়া তথ্য অনুযায়ী, কোনো বিষয়ে সার্চ করার পর যদি প্রয়োজনীয় ছবি পাওয়া না যায়, তবে এআই ওভারভিউসে ছবি তৈরির বিকল্পটি প্রদর্শিত হবে। এমনকি সার্চ অপশনে লেখা প্রশ্ন বা বাক্যকেও ছবি তৈরির নির্দেশনায় রূপান্তর করা যাবে। পুরো প্রক্রিয়াটি সার্চ অপশনের মধ্যেই সম্পন্ন হবে বলে ব্যবহারকারীকে ছবি তৈরির জন্য অন্য কোনো ওয়েবসাইট বা অ্যাপে যেতে হবে না। পাশাপাশি গুগল ইমেজেসের নকশায় পরিবর্তন আনা হবে, যাতে আরও দ্রুত প্রাসঙ্গিক ছবি খুঁজে পাওয়া যায়।

গুগলের দাবি, এই নতুন সুবিধার মাধ্যমে প্রতিবেদন, উপস্থাপনা, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট এবং ওয়েবসাইটের মতো সৃজনশীল কাজের জন্য প্রয়োজনীয় ছবি সহজেই তৈরি করা যাবে। এতে শিক্ষার্থী, শিক্ষক, বিপণনকর্মী, নকশাবিদ এবং কনটেন্ট নির্মাতারা বিশেষভাবে উপকৃত হবেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে এই সুবিধাটি চালু করার পরিকল্পনা রয়েছে গুগলের।