আইফোনের জনপ্রিয় ভিডিও কলিং অ্যাপ ফেসটাইম ব্যবহার করে প্রতারণার ঘটনা বাড়ছে বলে ব্যবহারকারীদের সতর্ক করেছে অ্যাপল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সাইবার অপরাধীরা এখন ফেসটাইম অ্যাপের মাধ্যমে ভিডিও কল করে নিজেদের ব্যাংকের কর্মকর্তা, প্রযুক্তি সহায়তা কর্মী, সরকারি সংস্থার প্রতিনিধি কিংবা পরিচিত ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে ব্যবহারকারীদের আস্থা অর্জন করছে। পরবর্তীতে সেই বিশ্বাসের সুযোগ নিয়ে ব্যক্তিগত তথ্য সংগ্রহের পাশাপাশি ব্যাংক হিসাব থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে তারা।

অ্যাপলের দেওয়া তথ্য অনুযায়ী, সাধারণ ফোন কলের তুলনায় ভিডিও কলের মাধ্যমে প্রতারণা করা সহজ। কারণ, সরাসরি চেহারা দেখে কথা বলার সুযোগ থাকায় অনেকেই কল করা ব্যক্তির পরিচয় নিয়ে সন্দেহ করেন না। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, প্রতারকেরা মানুষের এই মানসিক প্রবণতাকেই কাজে লাগাচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে এই প্রতারণার শুরু হয় একটি খুদে বার্তার মাধ্যমে, যেখানে দাবি করা হয় ব্যবহারকারীর ব্যাংক হিসাব বা ক্রেডিট কার্ডে সন্দেহজনক লেনদেন হয়েছে। এরপর পরিচয় যাচাই বা সমস্যার সমাধানের অজুহাতে ফেসটাইমে ভিডিও কলে যুক্ত হতে বলা হয়।

ভিডিও কলে যুক্ত হওয়ার পর প্রতারকেরা ব্যবহারকারীদের অনলাইনে ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ, অর্থ স্থানান্তর বা একবার ব্যবহারযোগ্য নিরাপত্তা কোড (ওটিপি) দেওয়ার সময় পর্দার (স্ক্রিন) ছবি পাঠাতে রাজি করায়। এর ফলে তারা পাসওয়ার্ড, ব্যাংক হিসাবের তথ্য ও নিরাপত্তা কোড সরাসরি দেখতে পায় এবং এসব তথ্য ব্যবহার করে দ্রুত ব্যাংক হিসাব থেকে অর্থ সরিয়ে নেওয়া হয়। এই পরিস্থিতিতে সন্দেহজনক ফেসটাইম কল বা আমন্ত্রণ-সংক্রান্ত লিংক সম্পর্কে সতর্ক থাকার পাশাপাশি বিষয়টি অ্যাপলের কাছে অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অ্যাপল স্পষ্ট করে জানিয়েছে, "অ্যাপলের কোনো কর্মকর্তা বা কর্মী কখনোই অনাকাঙ্ক্ষিতভাবে ফেসটাইম অ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পাসওয়ার্ড, নিরাপত্তা কোড বা অন্য কোনো সংবেদনশীল তথ্য চান না।"

এমন অনুরোধ পেলে সঙ্গে সঙ্গে কল কেটে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া প্রযুক্তিসহায়তার নামেও একই ধরনের প্রতারণা চলছে। এক্ষেত্রে প্রথমে ব্যবহারকারীদের কাছে ভুয়া নিরাপত্তা সতর্কবার্তা পাঠিয়ে দাবি করা হয় যে, তাদের আইফোন হ্যাক হয়েছে বা ক্ষতিকর সফটওয়্যার প্রবেশ করেছে। পরে প্রযুক্তি সহায়তা কর্মী পরিচয়ে ভিডিও কলে যুক্ত হয়ে দূর থেকে আইফোনে নজরদারি সফটওয়্যার ইনস্টল, নিরাপত্তা সেটিংস পরিবর্তন বা লগইন তথ্য দেওয়ার জন্য প্ররোচিত করা হয়। এতে অজান্তেই আইফোনে থাকা বিভিন্ন অনলাইন অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ সাইবার অপরাধীদের হাতে চলে যায়।

নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, অনেক ক্ষেত্রে অন্য ব্যক্তির ভিডিও, আগে ধারণ করা ভিডিও, বিভিন্ন ফিল্টার বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি ও ভিডিও ব্যবহার করে প্রতারণাকে আরও বিশ্বাসযোগ্য করে তোলা হচ্ছে। তাই ফেসটাইম অ্যাপে ভিডিও কলের স্ক্রিন শেয়ার না করার এবং সন্দেহজনক কোনো ফেসটাইম ফোন কল পেলে সঙ্গে সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করার পরামর্শ দিয়েছেন তাঁরা।