গেমিংয়ে নতুন অভিজ্ঞতা দিতে বিকাশ অ্যাপে যুক্ত করা হয়েছে ‘গেম জোন’। এখন থেকে ব্যবহারকারীরা আলাদা কোনো অ্যাপ ডাউনলোড বা ইনস্টল না করেই সরাসরি বিকাশ অ্যাপের মাধ্যমে বিভিন্ন ধরনের গেম খেলতে এবং অনলাইন টুর্নামেন্টে অংশ নিতে পারবেন। এই প্ল্যাটফর্মে গেমারদের নিরাপত্তার পাশাপাশি কনটেন্টের ভেতরে গ্যাম্বলিং ও বেটিংয়ের সুযোগ না থাকার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বিকাশ অ্যাপের হোমস্ক্রিনে থাকা ‘গেম জোন’ আইকনে প্রবেশ করে ব্যবহারকারীরা রেসিং, অ্যাকশন, আর্কেড, অ্যাডভেঞ্চার, স্পোর্টস ও পাজলসহ বিভিন্ন ক্যাটাগরির গেম উপভোগ করতে পারবেন। এছাড়া প্ল্যাটফর্মটিতে নিয়মিত টুর্নামেন্টের আয়োজন থাকবে, যেখানে গেমাররা নিজেদের সুবিধামতো সময়ে অংশগ্রহণ করতে পারবেন। আলাদা অ্যাপ ইনস্টল করার প্রয়োজন না হওয়ায় ফোনের অতিরিক্ত স্টোরেজ খরচ হবে না। একই সঙ্গে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে বিকাশ।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এই নতুন ফিচারের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিকাশের চিফ প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি অফিসার আজমল হুদা এবং জাতীয় পুরুষ ও নারী ফুটবল দলের ১৬ জন ফুটবলার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আজমল হুদা বলেন, "সাধারণ ইন্টারনেটভিত্তিক গেমিং সাইটে অনেক সময় অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপন বা অনুপযুক্ত কনটেন্টের মুখোমুখি হতে হয় ব্যবহারকারীদের। তবে বিকাশ গেম জোনে সে ধরনের ঝুঁকি নিয়ন্ত্রণ করা হয়েছে।"

গেম বাছাইয়ের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে উল্লেখ করে আজমল হুদা বলেন, “বর্তমানে অনলাইন গ্যাম্বলিং ও বেটিং নিয়ে সমাজে যে উদ্বেগ রয়েছে, সেটি বিবেচনায় রেখেই গেম জোনের সব গেম নির্বাচন করা হয়েছে। বিশ্বমানের নির্মাতাদের কাছ থেকে আনা এসব গেমে যেন গ্যাম্বলিং বা বেটিং-সংশ্লিষ্ট কোনো কিছু না থাকে, সে বিষয় বিশেষ সতর্কতার সঙ্গে দেখা হয়েছে।”

উদ্বোধনী অংশ হিসেবে ফুটবলপ্রেমীদের জন্য ‘হামজা ভার্সেস ওয়ার্ল্ড’ নামে একটি এক্সক্লুসিভ গেম চালু করা হয়েছে। এতে ব্যবহারকারীরা জাতীয় দলের ফুটবলার হামজার চরিত্রে অভিনয় করে পছন্দের প্রতিপক্ষ দলের বিপক্ষে ভার্চ্যুয়াল ম্যাচে অংশ নিতে পারবেন।

গ্রাহকেরা সাপ্তাহিক ও মাসিক সাবস্ক্রিপশনের মাধ্যমে ১০০টির বেশি গেম খেলার সুযোগ পাবেন। এছাড়া প্ল্যাটফর্মটিতে বিভিন্ন মার্চেন্টের গেম, অনলাইন টুর্নামেন্ট এবং পুরস্কার জয়ের সুযোগ থাকবে। ব্যবহারকারীরা চাইলে যেকোনো সময় গেম জোন থেকে তাঁদের সাবস্ক্রিপশন বাতিল করতে পারবেন।