নরসিংদীর রায়পুরায় একটি খালে গোসল করতে নেমে চার শিশুর করুণ মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিশুরা হলো মো. শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯), মো. রুবেলের মেয়ে জান্নাত (৮) ও বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)। জানা গেছে, তারা সবাই স্থানীয় গাউসিয়া নুরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে মাদ্রাসার বিরতির সময় ছয়জন শিক্ষার্থী পাশের একটি খালে গোসল করতে নামে। এর মধ্যে চারজন পানিতে ডুবে গেলে বাকি দুজন দ্রুত পাড়ে উঠে স্থানীয়দের বিষয়টি অবহিত করে। এরপর উদ্ধারকাজে নেমে একে একে চার শিক্ষার্থীকে পানি থেকে তোলা হয়।

উদ্ধার করা শিশুদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যায়। বাকি তিনজনকে দ্রুত রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে। চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুর রহমান জানান, বেলা একটার দিকে ওই তিন শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তিনি বলেন, "তাদের হৃৎস্পন্দন পাওয়া যাচ্ছিল না। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়।"

ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, “ঘটনাস্থলে এসেছি। শিশুদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছি। তাদের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”