২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের জন্য পুনর্নিরীক্ষণের সুযোগ ঘোষণা করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্ধারিত ফি জমা দিয়ে আগামী ১৫ থেকে ২৩ জুলাইয়ের মধ্যে আবেদন করা যাবে।

১৩ জুলাই ২০২৬ তারিখের ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১৫ থেকে ২৩ জুলাই পর্যন্ত অফিস চলাকালীন এই আবেদন প্রক্রিয়া চলবে। শিক্ষার্থীদের অভিভাবকদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা বরাবর আবেদন করতে হবে।

পুনর্নিরীক্ষণের নিয়ম অনুযায়ী, প্রতি বিষয়ের উত্তরপত্র যাচাইয়ের জন্য ৩০০ টাকা হারে ফি জমা দিতে হবে। আবেদনের সঙ্গে ব্যাংক ড্রাফট এবং প্রবেশপত্র সংযুক্ত করা বাধ্যতামূলক। এছাড়া আবেদনে ই-মেইল (যদি থাকে), মোবাইল ফোন নম্বর এবং হোয়াটসঅ্যাপ নম্বর প্রদান করতে হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুনর্নিরীক্ষার ফলাফল ই-মেইল, হোয়াটসঅ্যাপ অথবা এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

আবেদনকারীদের তথ্য নির্ধারিত ছকে আগামী ২৬ জুলাইয়ের মধ্যে প্রেরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। ওই তথ্যছকে বিভাগ, জেলা, থানা/উপজেলা, ক্রমিক নম্বর, আবেদনকারীর নাম ও ঠিকানা, শিক্ষার্থীর নাম, রোল নম্বর এবং যেসব বিষয়ের উত্তরপত্র পুনর্নিরীক্ষা করতে ইচ্ছুক—সেই সব তথ্য বিস্তারিতভাবে উল্লেখ করতে হবে।