আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে পুরোনো শেয়ারধারীদের ফিরিয়ে এনেছে বাংলাদেশ ব্যাংক। বর্তমান পর্ষদ সদস্যদের সাথে পুরোনো উদ্যোক্তাদের মধ্য থেকে ১৪ জনকে অন্তর্ভুক্ত করে নতুন একটি পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। আজ বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে এই সংক্রান্ত একটি চিঠি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের নিকট পাঠানো হয়।

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ব্যাংকের আর্থিক অবস্থা আগের চেয়ে উন্নতি হওয়ার কারণে আগের উদ্যোক্তাদের কাছে ছেড়ে দেওয়া হয়েছে। অন্য যেসব ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হয়েছে, তাদের উদ্যোক্তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু এই ব্যাংকের ক্ষেত্রে চিত্র ভিন্ন। তাই তাদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে।’

পর্ষদে নতুনভাবে যুক্ত হওয়া ১৪ সদস্য হলেন বদিউর রহমান, সেলিম রহমান, আহামেদুল হক, রফিকুল ইসলাম, ইমাদুর রহমান, নাজমুল আহসান খালেদ, খলিলুর রহমান, আনোয়ার হোসাইন, আবদুস সালাম, লিয়াকত আলী চৌধুরী, এনায়েত উল্লা, কেডিএস গার্মেন্টসের প্রতিনিধি পরিচালক মাহবুব আহমেদ, কেডিএস টেক্সটাইলের প্রতিনিধি পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ এবং কেওয়াই স্টিল মিলের প্রতিনিধি পরিচালক শরিফ উদ্দিন তসলিম।

সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল এবং ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এস আলমের (সাইফুল আলম) ভাই আবদুস সালাম লাবু। তবে ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংক পর্ষদ ভেঙে দিয়ে খাজা শাহরিয়ারকে স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। তাঁর পাশাপাশি পর্ষদে ছিলেন মো. শাহীন উল ইসলাম, মো. আবদুল ওয়াদুদ, এম আবু ইউসুফ ও মোহাম্মদ আশরাফুল হাসান।

পাঁচ সদস্যের স্বতন্ত্র পরিচালকের মাধ্যমে পরিচালিত এই ব্যাংকের পর্ষদে নতুন ১৪ সদস্য যুক্ত হওয়ায় বর্তমানে মোট সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে। জানা গেছে, এই ১৯ সদস্যের পর্ষদ এখন নতুন চেয়ারম্যান নিয়োগ দেবে।