কিছু ম্যাচ আছে, যেগুলোর গল্প পরিসংখ্যানের খাতায় নয়; মানুষের স্মৃতিতে থেকে যায়। শুধু সংখ্যা নয়, ইতিহাসের রঙও থাকে। আর্জেন্টিনা–ইংল্যান্ড ম্যাচের সঙ্গেও জড়িয়ে আছে ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধ, ১৯৮৬ সালের সেই আজতেকার বিকেল, ‘হ্যান্ড অব গড’, শতাব্দীর সেরা গোল—এ পাশাপাশি বেকহাম-সিমিওনের দ্বন্দ্ব। সেই স্মৃতিকে সামনে রেখেই আর্জেন্টিনার আরজি ছিল, তাদের নীল জার্সি পরতে দিতে হবে।

সেমিফাইনালে ওঠার পরই ফিফার কাছে নীল জার্সি পরে খেলার অনুমতি নিয়েছে তারা। এই রঙের সঙ্গে জড়িয়ে আছে ’৮৬–এর ম্যারাডোনার সেই দুই গোল—একটি ‘ঈশ্বরের হাত’, আরেকটি পায়ের অলৌকিক এক কারুকার্য। এক যুগ পর ১৯৯৮ বিশ্বকাপের শেষ ষোলোতে একই জার্সিতেই আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল ইংল্যান্ডের।

সেদিন ডেভিড বেকহাম লাথি মেরেছিলেন দিয়েগো সিমিওনেকে এবং দেখেছিলেন লাল কার্ড। মূল খেলা ২-২ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ৪-৩ গোলে জিতেছিল আর্জেন্টিনা। ফলে দুই দলের সর্বশেষ লড়াইয়ের প্রেক্ষাপটেও বোঝা যায়, কেন নীল জার্সি আর্জেন্টিনার জন্য আলাদা তাৎপর্য বহন করে। ২০০২ আসরের ওই ম্যাচে ইংল্যান্ডের লালের বিপক্ষে সাদা-আকাশি জার্সিতে নেমেছিল আর্জেন্টিনা। সে সময় নীল ছিল না; আর্জেন্টিনাও বেকহামের একমাত্র গোলে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়েছিল।

নিয়ম অনুযায়ী, সেমিতে আগে ওঠায় ম্যাচে ইংল্যান্ডের পোশাকি নাম টিম ‘এ’। আর টিম ‘এ’ জার্সি বেছে নেওয়ার সুযোগ পায়। ইংল্যান্ড নিজেদের জন্য সাদা জার্সি বেছে নিলে টিম ‘বি’ হিসেবে আর্জেন্টিনাকে ‘অ্যাওয়ে’ মানে নীল জার্সিতে খেলতে হতো। অন্যদিকে, ইংল্যান্ড যদি অ্যাওয়ে, অর্থাৎ লাল জার্সি বেছে নিত, তবে আর্জেন্টিনাকে সাদা-আকাশি জার্সি পরে খেলতে হতো।

ফিফার নিয়ম অনুযায়ী, এমনভাবে জার্সি বেছে নিতে হয় যাতে সাদা-কালো পর্দায় দুই দলকে স্পষ্টভাবে বোঝা যায়। এ ছাড়া বর্ণান্ধ ব্যক্তিরা যাতে দুই দলকে গুলিয়ে না ফেলেন, সেটাও খেয়াল রাখতে হয়। এ জন্য ব্যবহার করা হয় ‘স্পেক্ট্রোফটোমিটার’ নামের একধরনের প্রযুক্তি। ইংল্যান্ড যাতে কোনোভাবেই আর্জেন্টিনার নীল জার্সি পরা থামাতে না পারে, সে কারণে আগেভাগেই নীল জার্সি পরার অনুমতি চেয়ে বসেছিল আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন।

তবে সব প্রক্রিয়ার প্রয়োজনও মূলত পড়েনি। কারণ, টিম ‘এ’ হিসেবে ইংল্যান্ড নিজেদের হোম জার্সি—সাদা জার্সিই বেছে নিয়েছে। সঙ্গে সাদা শর্টস আর সাদা মোজা। ফলে আর্জেন্টিনার জন্য নীল জার্সি, নীল শর্টস ও নীল মোজা নির্ধারিত হয়েছে।