চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সৃষ্ট প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় পাঁচটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
গত সোমবারের পরীক্ষা পুনরায় নেওয়ার দাবিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধের প্রেক্ষাপটে আজ বুধবার ফেসবুকের মাধ্যমে এই ঘোষণা দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
‘এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে শিক্ষার্থীবান্ধব ৫টি উদ্যোগ’ শিরোনামের পোস্টে তিনি উল্লেখ করেন, আজ বুধবার চট্টগ্রাম বোর্ড ব্যতীত সারা দেশের ২ হাজার ৫৮৩টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আবহাওয়ার উন্নতির পাশাপাশি শিক্ষার্থীরাও উৎসাহের সঙ্গে পরীক্ষায় অংশ নিয়েছে। বৈরী আবহাওয়ার কারণে সৃষ্ট জটিলতা দূর করতে সরকার সময়োপযোগী পদক্ষেপ নিয়েছে বলে তিনি জানান।
সরকারের গৃহীত পাঁচটি উদ্যোগের বিস্তারিত তুলে ধরে মাহদী আমিন বলেন, "এক. সারা দেশের এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়ার বিষয়ে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা এবং অংশীজনদের মতামতের ভিত্তিতে, বিপুলসংখ্যক সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীর স্বার্থকে প্রাধান্য দিয়ে, সর্বসম্মতিক্রমে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী চট্টগ্রাম বোর্ড ছাড়া সারা দেশে পরীক্ষা চালু রাখা হয়েছে।"
দ্বিতীয় উদ্যোগ প্রসঙ্গে তিনি জানান, "দুই. কোথাও যাতায়াত বা জলাবদ্ধতার কারণে সমস্যা হলে প্রয়োজনে কেন্দ্র পরিবর্তন, পরীক্ষা স্থগিত কিংবা পরীক্ষার সময় বৃদ্ধিসহ যে কোনো প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।"
পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীদের বিষয়ে তিনি বলেন, "তিন. প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি, সেই অনুপস্থিত শিক্ষার্থীরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতিমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন পরীক্ষাপত্রে, শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত একই তারিখ ও সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।"
প্রশ্নপত্রের ত্রুটি ও শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে তিনি উল্লেখ করেন, "চার. পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দুটি ভুল প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে।" এবং "পাঁচ. পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভুল প্রশ্নপত্র প্রণয়নে দায়ী ব্যক্তিদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।"
শিক্ষার্থীদের প্রতি গুরুত্বারোপ করে মাহদী আমিন বলেন, "প্রধানমন্ত্রীর কাছে এইচএসসি শুধু একটি পরীক্ষা নয়; এটি আগামীর বাংলাদেশ গড়ার কারিগরদের ভবিষ্যৎ গঠনের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। এ কারণে সরকার সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে পরীক্ষা পরিচালনায় সচেষ্ট রয়েছে। সেই পথযাত্রায় শিক্ষার্থীদের কল্যাণ এবং শিক্ষাজীবনের ধারাবাহিকতা নিশ্চিত করা গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার অন্যতম অগ্রাধিকার।"






