বলিউড সুপারস্টার শাহরুখ খানের আইকনিক বাসভবন ‘মান্নাত’-এর সংস্কার ও সম্প্রসারণ নিয়ে দীর্ঘদিনের আইনি জটিলতার অবসান ঘটল। বাড়িটিতে দুটি অতিরিক্ত তলা নির্মাণের অনুমোদনের বিরুদ্ধে করা একটি আবেদন খারিজ করে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। এর ফলে বাড়িটির সংস্কারকাজে বড় ধরনের একটি আইনি বাধা দূর হলো।
প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের (এনজিটি) দেওয়া রায়ে হস্তক্ষেপ করতে অস্বীকৃতি জানান। শুনানির এক পর্যায়ে আদালত মন্তব্য করেন, ‘এটি তাঁদের নিজের বাড়ি। সেখানে অতিরিক্ত তলা নির্মাণ করতে চাইলে সেটি তাঁদের সিদ্ধান্ত। আইনের বড় ধরনের কোনো লঙ্ঘন হয়নি। প্রতিবেশী বা অন্য কারও এতে হস্তক্ষেপের কারণ কী?’
আবেদনকারী পরিবেশকর্মী সন্তোষ দৌণ্ডকরের আইনজীবী শোয়েব আলম আদালতে যুক্তি দেখান যে, শাহরুখ খান একজন তারকা বলে বিষয়টি ভিন্নভাবে দেখা উচিত নয়। তাঁর দাবি ছিল, মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটি উপকূলীয় নিয়ন্ত্রণ অঞ্চল (সিআরজেড)-সংক্রান্ত অনুমোদন দেওয়ার ক্ষেত্রে ভুল করেছে।
তবে এনজিটি এর আগের রায়ে জানিয়েছিল, অনুমোদন প্রক্রিয়ায় কোনো আইনি অসংগতি বা পদ্ধতিগত ত্রুটি পাওয়া যায়নি। সেই রায় বহাল রেখে সুপ্রিম কোর্ট আবেদনটি খারিজ করে দেয়। উল্লেখ্য, মান্নাত একটি গ্রেড-৩ ঐতিহ্যবাহী স্থাপনা হওয়ায় এখানে যেকোনো পরিবর্তনের জন্য বিশেষ অনুমোদনের প্রয়োজন হয়, যার ফলে প্রকল্পটি শুরু থেকেই বিভিন্ন সংগঠনের নজরে ছিল।
এর আগে ২০১৯ সালে মালিকানা স্থায়ী করার প্রক্রিয়ায় অতিরিক্ত অর্থ পরিশোধের কারণে মহারাষ্ট্র সরকার শাহরুখ ও গৌরী খানকে প্রায় ৯ কোটি রুপি ফেরত দিয়েছিল। হিসাবের ভুল ধরা পড়ার পর তাঁদের আবেদনের প্রেক্ষিতে এই অর্থ প্রদান করা হয়। প্রায় ২ হাজার ৪৪৬ বর্গমিটার জায়গাজুড়ে নির্মিত এই বাড়িটি বর্তমানে শাহরুখ ও গৌরী খানের নামে নিবন্ধিত এবং এটি মুম্বাইয়ের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে।






