বিশ্বকাপের সেমিফাইনালের অপেক্ষায় এখন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আগামীকাল রাত একটায় ফাইনালে ওঠার লড়াইয়ে তারা মুখোমুখি হবে ইংল্যান্ডের। তবে আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ের স্মৃতি এখনো ভুলতে পারেনি মিসর। দুই গোলের লিড নিয়েও অতিরিক্ত সময়ের গোলে ৩-২ ব্যবধানে হেরে গিয়েছিল তারা। ওই ম্যাচের পর রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন মিসর কোচ হোসাম হাসান।

ম্যাচ চলাকালীন লিসান্দ্রো মার্তিনেজকে ফাউল করার কারণে মোস্তফা জিকোর করা দ্বিতীয় গোলটি বাতিল করে দেন রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। এই সিদ্ধান্তের প্রতিবাদে মিসর দলের পুরো বেঞ্চ রেফারিকে ঘিরে ধরলে দ্রুত খেলা শুরু করার জন্য অধিনায়ক লিওনেল মেসি ও আর্জেন্টিনার খেলোয়াড়রা সেখানে ছুটে আসেন। উত্তপ্ত বাক্য বিনিময়ের মাঝেই কোচ হোসাম হাসান ক্যামেরার দিকে তাকিয়ে দুই হাত দিয়ে ক্রস চিহ্ন দেখান। ফরাসি রেফারি বিষয়টি খেয়াল না করলেও অতিরিক্ত প্রতিবাদের জন্য হাসানকে হলুদ কার্ড দেখান। টেলিভিশনে এই অঙ্গভঙ্গি দেখে অনেকে মনে করেছিলেন, বর্ণবাদ বা বৈষম্যের বিরুদ্ধে অফিশিয়াল প্রটোকল অনুসরণ করছেন কোচ।

এক সপ্তাহ পর ওই ঘটনার প্রকৃত কারণ জানিয়েছেন হোসাম হাসান। তিনি বলেন, ‘আমার সেই ইশারাটি বর্ণবাদ নিয়ে ছিল না। আমি রেফারিকে বোঝাতে চেয়েছিলাম যে “আপনি ন্যায়বিচার করছেন না”।’

বিশ্বকাপ শেষে দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেও আর্জেন্টিনার বিপক্ষে ওই ম্যাচটি নিয়ে সমর্থকদের মধ্যে ক্ষোভ ছিল। ওই ম্যাচে পেনাল্টি বক্সের কাছে লিওনেল মেসির সঙ্গে ঘটে যাওয়া ঘটনা প্রসঙ্গে কোচ বলেন, ‘মেসি আমার দিকে এগিয়ে এসে বারবার বলতে থাকে, ‘কেন? কেন? কেন? আরও কী যেন বলছিল। ম্যাচ চলাকালীন মেসিকে খুব কম সময়ই এভাবে তর্কে জড়াতে দেখা যায়। আবেগের বিস্ফোরণে এক পর্যায়ে সে কেঁদেও ফেলেছিল, কারণ মানসিকভাবে সে প্রচণ্ড চাপের মধ্যে ছিল।’

নকআউটে জয় পেয়ে স্মরণীয় টুর্নামেন্ট কাটালেও শেষ হাসি হাসতে পারেনি মিসর। তবে হোসামের মতে, তাদের বিপক্ষে আর্জেন্টিনার কঠিন সময় কেটেছে। তিনি বলেন, ‘মিসর অত্যন্ত শক্তিশালী দল হিসেবে সেদিন আর্জেন্টিনাকে কোণঠাসা করে ফেলেছিল। মেসির ক্যারিয়ারের প্রতি সম্মান দেখিয়ে আমি ওর কথার কোনো উত্তর দিইনি ও বাদানুবাদ এড়িয়ে চলেছি।’

অন্যদিকে, মেসির আচরণ নিয়ে সমালোচনা করেছেন মিসরের টিম ডিরেক্টর ইব্রাহিম হাসান। তিনি বলেন, ‘ও (মেসি) ঠান্ডা মাথায় মাঠে এসেছিল। কিন্তু যখন দেখল রেফারি তাদের পক্ষে কাজ করছেন, তখন পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে ও আমাদের উসকানি দিতে এগিয়ে আসে।’