বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) তিন দিনব্যাপী আয়োজিত ‘সিনেফ্রেম ফেস্ট ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিইউএফটি ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে এবং জায়ান্ট গ্রুপ ও এডুকেশন হাবের সহযোগিতায় এই উৎসবের আয়োজন করা হয়। গত ৭ জুলাই শুরু হওয়া এই উৎসবের সমাপ্তি ঘটে ৯ জুলাই।

সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জায়ান্ট গ্রুপের পরিচালক শারমিন হাসান তিথি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিইউএফটির উপাচার্য (মনোনীত) অধ্যাপক আইয়ুব নবী খান। চলচ্চিত্র অঙ্গন থেকে উপস্থিত ছিলেন অভিনেত্রী রুনা খান, সাদিয়া ইসলাম মৌ, অভিনেতা মীর সাব্বির এবং আরও কয়েকজন চলচ্চিত্র পরিচালক।

অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন জনসংযোগ বিভাগের পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ এবং ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মো. ওয়ালিউল আলম। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তিন দিনব্যাপী এই উৎসবে ‘বনলতা এক্সপ্রেস’, ‘উৎসব’ ও ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’–সহ বেশ কয়েকটি চলচ্চিত্র প্রদর্শিত হয়। এছাড়া শিক্ষার্থীদের নির্মিত ২৮টি শর্ট ফিল্ম প্রদর্শনের পর একটি জুরিবোর্ডের মাধ্যমে সেরা চলচ্চিত্রগুলো নির্বাচন করা হয়।