বরিশাল সফরের পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেননি বলে দাবি করেছেন মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান। মঙ্গলবার বিকেলে তাঁর কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। পুলিশ সুপারের মতে, সামনের গাড়ির চাকায় লেগে সড়কে পড়ে থাকা ইটের টুকরাটি পেছনের নিরাপত্তাকর্মীর গাড়িতে এসে পড়ে।
গতকাল সোমবার সড়কপথে ঢাকা থেকে বরিশালে যাওয়ার সময় ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সাধুর ব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা গাড়ির সামনে ইটের টুকরা পড়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে রাজৈর থানায় পুলিশের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ, র্যাব, সিআইডিসহ সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা গভীর তদন্ত ও অনুসন্ধান চালিয়েছে। তিনি বলেন, "ঘটনাস্থলে গিয়ে ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ইটের টুকরা নিক্ষেপের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এটি সড়কে থাকা ইটের টুকরা সামনের গাড়ির চাকায় লেগে পেছনের গাড়ির গ্লাস ও সামনে ইঞ্জিনে ওপর এসে পড়ে।"
তদন্ত প্রসঙ্গে তিনি আরও জানান, ইটের টুকরা নিক্ষেপের ঘটনায় এক যুবককে সন্দেহ করা হয়েছিল। তবে ভিডিও পর্যালোচনা করে দেখা গেছে, ওই যুবক পুরো সময় ধরে তাঁর মুঠোফোন দিয়ে সড়কের যানবাহনের ভিডিও ধারণ করছিলেন। প্রধানমন্ত্রীর আগমন এবং তার পরবর্তী সময়ের একটানা ভিডিও করেছেন তিনি। পুলিশ তাকে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করেছে। হাবিবুর রহমান স্পষ্ট করে বলেন, মূলত সড়কে থাকা ইটের টুকরা ছিটকে এসে পড়েছে, এটি কেউ নিক্ষেপ করেননি।