বর্ষার টানা বৃষ্টি ছাদবাগানের গাছপালাকে সতেজ করলেও অতিবৃষ্টির ফলে তৈরি হতে পারে নানা সমস্যা। তাই এই সময়ে সামান্য বাড়তি যত্ন ও সঠিক পরিচর্যা আপনার শখের বাগানকে সুস্থ ও সবুজ রাখতে পারে। অতিরিক্ত পানি, স্যাঁতসেঁতে আবহাওয়া এবং সূর্যের আলোর স্বল্পতার কারণে এই সময়ে গাছের রোগবালাই, পোকামাকড়ের আক্রমণ ও ছত্রাকের সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়।

ছাদবাগানের সঠিক পরিচর্যা ও নতুন চারা রোপণের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেছেন ঢাকার আসাদ গেটে অবস্থিত ফলবীথি হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ মো. রুহিদ হাসান।

নতুন চারা রোপণের বিষয়ে তিনি জানান, "বর্ষাকালে নিয়মিত বৃষ্টির ফলে মাটিতে পর্যাপ্ত রস থাকায় এখনই চারা রোপণের উপযুক্ত সময়।"

তবে বৃক্ষমেলা থেকে গাছ কিনে এনে সরাসরি কড়া রোদে না বসিয়ে নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে অন্তত ৪-৫ দিন ছায়ার মধ্যে (সেমি-শেড) রাখার পরামর্শ দিয়েছেন তিনি। এছাড়া টবের নিচে ইটের খোয়া বা বালুর লেয়ার দিয়ে পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করে তবেই চারা রোপণ করতে হবে। ভারী বৃষ্টির দিন এড়িয়ে আকাশ পরিষ্কার হলে রোপণ করা শ্রেয়।

পানি নিষ্কাশন বা ড্রেনেজ ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলা হয়েছে, টবে বা ড্রামে কোনোভাবেই পানি জমতে দেওয়া যাবে না। মাটিতে ভেজা ভাব থাকলে নতুন করে পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ অতিরিক্ত পানি শিকড় পচিয়ে গাছ মেরে ফেলতে পারে।

গাছের মরা, পচা বা রোগাক্রান্ত পাতা ও ডালপালা দ্রুত ছেঁটে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে। বর্ষায় ডাল ছাঁটাইয়ের ক্ষত দ্রুত পূরণ হয়, তবে ছত্রাকের সংক্রমণ রোধে কাটা অংশে সামান্য হলুদ গুঁড়ো বা ছত্রাকনাশক লাগানো ভালো।

স্যাঁতসেঁতে আবহাওয়ায় রোগ-পোকার আক্রমণ রোধে নিয়মিত বাগান পর্যবেক্ষণের কথা বলা হয়েছে। উদ্যানতত্ত্ববিদ রুহিদ হাসান পরামর্শ দিয়েছেন, "বর্ষাকালে ছাদবাগানের মরিচ চাষের ক্ষেত্রে মাকড়ের আক্রমণের হাত থেকে রক্ষা করতে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে এবং নিয়মিত মাকড়নাশক ও ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে।"

পুষ্টির জন্য জৈব বা সুষম সার ব্যবহারের ক্ষেত্রে সঠিক সময়ের কথা উল্লেখ করে বলা হয়েছে, ফল গাছসহ অধিকাংশ গাছে সার প্রয়োগের উপযুক্ত সময় হলো বর্ষার আগে একবার এবং বর্ষার পরে আরেকবার। সারা বছরের প্রয়োজনীয় সারের পরিমাণ সমান দুই ভাগে ভাগ করে এই দুই সময়ে প্রয়োগ করতে হবে।

ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসের ঝুঁকি মোকাবিলায় বড় ও লম্বা গাছে শক্ত খুঁটি দেওয়ার এবং লতানো গাছের মাচা মজবুত করার কথা বলা হয়েছে। এছাড়া ছোট টবগুলো নিরাপদ স্থানে বা দেয়ালের পাশে সরিয়ে রাখা বুদ্ধিমানের কাজ হবে।

সবশেষে সামাজিক দায়িত্বের কথা মনে করিয়ে দিয়ে উদ্যানতত্ত্ববিদ মো. রুহিদ হাসান জোর দিয়ে বলেন, "ছাদের বা টবের কোথাও যেন পানি জমে না থাকে—এই বিষয়ে শতভাগ সতর্ক থাকতে হবে।"

টবের নিচের ট্রে বা ভাঙা পাত্রে জমে থাকা স্বচ্ছ পানি এডিস মশার প্রজনন ক্ষেত্রে পরিণত হয়। তাই নিয়মিত ছাদ পরিষ্কার রাখলে বাগান সুরক্ষিত থাকার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধেও ভূমিকা রাখা সম্ভব।